অনলাইন ম্যাগাজিন 'বাংলামাটি'-র আত্মপ্রকাশ
ঢাকা, আগস্ট ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---'বাংলামাটি' নামের একটি অনলাইন ম্যাগাজিন আত্মপ্রকাশ করেছে শনিবার।
পত্রিকাটিকে বাংলাদেশের প্রথম অনলাইন ম্যাগাজিন হিসাবে দাবি করেছেন সম্পাদক কবি মারুফ রায়হান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, 'বাংলামাটি' হবে একটি পূর্ণাঙ্গ ম্যাগাজিন। মূলত সাহিত্যনির্ভর হলেও এতে অডিও, ভিডিও তথা ছবি, গান ইত্যাদিও রয়েছে।
বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক লেখক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ''সামগ্রিকভাবে বাংলা সাহিত্যের যে বিস্তৃত চর্চার দরকার বাংলামাটি তার ক্ষেত্র তৈরি করে দেবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাংলাভাষার ভিন্ন আরেকটি প্রয়োজন পূরণ করেছে এ ম্যাগাজিনটি।''
কথাশিল্পী সেলিনা হোসেন বলেন, ''প্রবাসী যেসব বাঙালি পাঠক রয়েছেন তারা উপকৃত হবেন এবং বিশেষ বিশেষ লেখাগুলো অনুবাদ করে তা বিশ্ব সাহিত্যে ছড়িয়ে দিতে পারবেন।''
সভাপতির বক্তৃতায় কবি আবুল হোসেন বলেন, "অনলাইন সাহিত্য পত্রিকা শুধু ব্যতিক্রমই নয় বরং সাহসী কাজও।"
এক প্রশ্নের জবাবে সম্পাদক মারুফ রায়হান বলেন, '' বাংলামাটিই দেশের প্রথম অনলাইন ম্যাগাজিন। অন্য কোনো ম্যাগাজিন আগে হয়ে থাকলেও তা সীমিত পরিসরে, ওয়েবভার্সন কিংবা ওয়েবসাইট আকারে হয়ে থাকতে পারে।' ওয়েবে বাংলা মাটির ঠিকানা: www.banglamati.net