অগ্নিঝরা মার্চ

ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এই দেশের পৃথক জাতিসত্তা আর লাল সবুজের মানচিত্র খচিত পতাকা অর্জনের মাস এলো ফিরে। এ ভূ-ভাগের সবচেয়ে বড় অর্জন, বাঙালির সহস্র বছরের জীবন কাঁপানো ইতিহাস রচনার স্মৃতিবহ রক্তঝরা মার্চের পয়লা দিন।

পরাধীনতার শৃংখল, শোষণ-বঞ্চনা, অত্যাচার-অনাচারের নাগপাশ ছিন্ন করতে ১৯৭১ সালের এই মার্চে এ জনপদে জ্বলে উঠেছিল স্বাধীনতার অনির্বাণ শিখা। স্বাধীনতাকামী মানুষের আন্দোলন সংগ্রামে উত্তাল হয়ে ওঠে ঢাকাসহ গোটা দেশ।

মুক্তিযুদ্ধ শুরুর পূর্বেই বাঙালির মনে বিক্ষোভে-বিক্ষোভে দানা বাঁধলেও মার্চে বাঙালির স্বাধীনতার আকাঙ্খা সাগরের উত্তাল উর্মিমালার মতো গর্জে উঠে। ১৯৭০ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় পরিষদ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

বাঙালিরা যখন রাষ্ট্রীয় মতার জন্য প্রহর গুনছিল তখন সামরিক জান্তা ইয়াহিয়া খান আকস্মিকভাবে ১ মার্চ জাতীয় পরিষদের পূর্ব নির্ধারিত ৩ মার্চের অধিবেশন বাতিল করেন। রেডিওতে এ খবর ছড়িয়ে পড়ে দিগ্বিদিক। আর সঙ্গে সঙ্গে বাংলাদেশ ফুঁসে উঠে দাবানলের মত।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাক দেন অসহযোগ আন্দোলনের। তার পাশে এসে দাঁড়ান মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী। মার্চের প্রথম সপ্তাহ থেকেই ঢাকাসহ সারাদেশের স্কুল-কলেজ, মাদ্রাসা-বিশ্ববিদ্যালয়, অফিস, কল-কারখানা কার্যত বন্ধ হয়ে যায়।

অচল হয়ে পড়ে দেশ। স্বাধীনতা আদায়ের দৃঢ় সংকল্পে ঐক্যবদ্ধ আন্দোলন দিন দিন তীব্র হয়ে উঠে। ৭ মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দান, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের বিশাল জনসভায় বঙ্গবন্ধু ঘোষণা করেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

আর এভাবে আন্দোলন ছড়িয়ে পড়তে থাকে পুরো বাংলায়। এই আন্দোলন দমানোর জন্য ২৫ মার্চ কালো রাতে হানাদাররা বঙ্গবন্ধুকে আটক করে নিয়ে যায় পশ্চিম পাকিস্তানে। তারা বর্বর কায়দায় কাপুরুষের মত ঝাঁপিয়ে পড়ে নিরীহ মানুষের ওপর।

সংগ্রামী চেতনায় আলোড়িত বাঙালি নিশ্চুপ থাকেনি। বেছে নিয়েছে মুক্তির পথ, মুক্তির সংগ্রাম। ১৯৭১ সালের মার্চের প্রথম ২৫টি দিনই ছিল উত্তাল, বিক্ষুব্ধ মানুষের বিক্ষোভে প্রকাশে ভরপুর। বঙ্গবন্ধু আপ্রাণ চেষ্টা করেন যেন জনগোষ্ঠীর কোন অংশেরই জানমালের কোন ধরনের ক্ষতি না হয়।

মার্চের ২ তারিখ পূর্ব পাকিস্তানের সব শহর এবং তার আশপাশের জনবসতিতে হরতাল পালিত হয়। ঢাকা মহানগরে প্রতিটি মহলায় সভা হয় এবং নগরীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বিভিন্ন মিছিল প্রদক্ষিণ করে।

বড় বড় জনসভাগুলোর মধ্যে প্রধান তিনটি হয় বায়তুল মোকাররমে, পল্টন ময়দানে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়। বটতলার সভাটিই ছিল সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ। এটি আয়োজন করেছিল পূর্ব পাকিস্তান ছাত্রলীগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ বা ডাকসু।

সভাপতিত্ব করেছিলেন ছাত্রলীগ সভাপতি নুরে আলম সিদ্দিকী, বক্তব্য রেখেছিলেন ডাকসু সহ-সভাপতি আ স ম আবদুর রব, ডাকসু সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস মাখন এবং ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাজাহান সিরাজ।

ওই সভায় স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় এবং স্বাধীন বাংলাদেশের আগাম ঘোষণা দেয়া হয়। ২ মার্চ দিনের বেলা হরতাল চলাকালে একাধিক স্থানে পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনাসহ ৬০ জনের অধিক আহত হওয়ার ঘটনা ঘটে।

সন্ধ্যাবেলা এক প্রেস বিজ্ঞপ্তিতে বঙ্গবন্ধু মার্শাল ল’ প্রত্যাহারের আহ্বান জানান। তিনি সর্বস্তরের মানুষকে আহ্বান করেন কেউ যেন কোন অবস্থাতেই সামরিক সরকারের সঙ্গে কোন প্রকার সহযোগিতা না করেন।

২ মার্চ দিবাগত রাত ৯টা থেকে পরবর্তী দিন সকাল ৭টা পর্যন্ত কারফিউ জারি করা হয় এবং পরে ৩ মার্চ সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার জন্য কারফিউ জারির ঘোষণাও অগ্রিম জানিয়ে দেয়া হয়। ৩ মার্চ ছিল তাৎপর্যপূর্ণ।

প্রধান সামরিক আইন প্রশাসক এবং প্রেসিডেন্ট জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খান একটি সর্বদলীয় রাজনৈতিক সম্মেলনের আহবান জানান। আহবান মতে, ১০ মার্চ ঢাকায় অবস্থিত ন্যাশনাল অ্যাসেম্বলি ভবনে ওই সম্মেলনের তারিখ নির্ধারিত হয়।

নবনির্বাচিত ন্যাশনাল অ্যাসেম্বলিতে বিভিন্ন পার্লামেন্টারি দলের ১২ জন নেতৃস্থানীয় ব্যক্তিকে এই সম্মেলনে দাওয়াত দেয়া হয়েছিল। দীর্ঘ নয় মাস ‘জীবন মৃত্যু পায়ের ভৃত্য’ করে অবিরাম যুদ্ধ করে পরাজিত করেছে দাম্ভিক পাক হানাদার বাহিনীকে।

বীর বাঙালি এক সাগর রক্তের বিনিময়ে ছিনিয়ে এনেছে লাল-সবুজের পতাকা আর অক্ষয় মানচিত্র। বাঙালি যে কোন স্বৈরাচার-দুরাচারের কাছে পরাভব মানে না তার আগুন প্রজ্বলিত দৃষ্টান্ত এই মার্চ শুরু হলো।

4
Your rating: None Average: 4 (1 vote)

Comments

SalimC's picture

Why Yeahia Khan came for meeting in Dhaka

If 7 th March-1971 Muzib already declared Independent of Bangladesh (as AL demand). Why Yeahia Khan came for meeting in Dhaka @ 15 th March-1971 with Muzib? Why Muzib & AL leaders also ready for talk with him (Yeahia)?