বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন অভিযোগ করেছেন, বর্তমান সরকার দেশকে জরুরী অবস্থার বেড়াজালে আটকে রেখেছে। তিনি বলেন, জরুরী অবস্থা জারি করে মানুষের সকল মৌলিক মানবিক অধিকারকে ক্ষুন্ন করা হয়েছে। আজ (বুধবার) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তির দাবিতে জিয়া পরিষদের প্রতীকি অনশন কর্মসূচিতে খন্দকার দেলোয়ার হোসেন এই মন্তব্য করেন। জরুরী অবস্থা প্রত্যাহার করার সময় এখনো আসে নি বলে সম্প্রতি প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে দেলোয়ার হোসেন বলেন, জরুরী অবস্থা তুলে নেয়ার সময় সীমা অনেক আগেই শেষ হয়ে গেছে। তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের উর্ধ্বগতির কারণে আজ সাধারণ মানুষের জীবন দুর্বিসহ। জরুরী অবস্থার কারণে তারা প্রতিবাদ করতে পারছে না। অথচ সরকার বলছে, জরুরী অবস্থা প্রত্যাহারের সময় হয় নি। খন্দকার দেলোয়ার হোসেন বলেন, সরকার সবার মতামতকে উপেক্ষা করে নিজেদের পছন্দমতো লোক নির্বাচিত করার জন্য উপজেলা নির্বাচন করতে চাচ্ছে। আর এর মাধ্যমে তারা তাদের নীল নকশার বাস্তবায়ন করতে চায়। বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষকে জরুরী অবস্থা দিয়ে জিম্মি করে রেখে সরকার তাদের সকল এজেন্ডা বাস্তবায়ন করছে। তিনি বলেন, জরুরী অবস্থা প্রত্যাহার করলে সাধারণ মানুষ মাঠে নেমে আসবে। আর এই কারণেই সরকার জরুরী অবস্থা প্রত্যাহার করছে না। খন্দকার দেলোয়ার হোসেন অবিলম্বে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের মুক্তির জন্য সরকারের প্রতি আবারো আহবান জানান। তিনি বলেন, সবার আগে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। সংসদ নির্বাচনের আগে কোনো নির্বাচনেই বিএনপি অংশ নেবে না। তিনি সরকারকে সংবিধান অনুযায়ী সবার আগে জাতীয় সংসদ নির্বাচন দেয়ার দাবি জানান। বিএনপি মহাসচিব বলেন, নিঃশর্তভাবে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি যাতে স্থিতিশীল থাকে তার জন্য সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
এদিকে আইজি প্রিজন ব্রিগেডিয়ার জাকির হাসান বলেছেন, সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তির বিষয়ে নতুন করে কোনো অগ্রগতি নেই। বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ মতিনের সাথে এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইজি প্রিজন বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সরকারের পক্ষ থেকে নতুন কোনো নির্দেশনা কারা কর্তৃপক্ষ পায় নি। কবে নাগাদ খালেদা জিয়া মুক্তি পাবেন এ বিষয়ে তিনি কিছুই জানেন না। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের শীর্ষ মহলের সাথে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তির বিষয়ে আলোচনা চলছে। তারা বলছেন, আগামী সপ্তাহের মধ্যে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া হতে পারে।

