এরশাদের বক্তব্যকে ভালোচোখে দেখছেন না জাপার অনেকে

bdidol's picture
Posted by
bdidol
Monday, August 4, 2008 - 6:07am BST

জাতীয় পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদের সাম্প্রতিক কিছু বক্তব্য নিয়ে ঘোরের মধ্যে পড়েছেন দলের নেতাকর্মীদের অনেকেই। 'আমরা মহাজোটে ছিলাম, আছি, থাকবো', 'মহাজোট সরকার গঠন করতে পারলে আমিই হবো দেশের পরবর্তী প্রেসিডেন্ট'_এরশাদের এসব বক্তব্যকে ভালোচোখে দেখছেন না তারা। আমাদের সময়ের সঙ্গে আলাপকালে জাপার প্রেসিডিয়াম সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতাদের কেউ কেউ মন্তব্য করেছেন, 'স্যারের (এরশাদ) এসব কথা খুব বেশি আগে হয়ে যাচ্ছে, এসব বলার সময় এখনো আসেনি'।

জাপার প্রেসিডিয়ামের প্রভাবশালী সদস্য ও সাবেক এক মন্ত্রী বলেন, দেশে এখনো সংসদ নির্বাচন আসেনি, ডিসেম্বর আসতে এখনো কয়েক মাস বাকি, এমনকি নির্বাচন আদৌ হবে কীনা তা নিয়েও রয়েছে সংশয়। এরকম দোদুল্যমান পরিস্থিতিতে জাপার এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা ঠিক হয়নি। তাছাড়া সামনের দিনগুলোতে দেশে কী পরিস্থিতির উদ্ভব হয় এবং রাজনৈতিক মেরুকরণ কোন দিকে গড়ায় তা এখনো স্পষ্ট নয়। চূড়ান্ত দৃশ্যপট দেখার পরই জোট গঠনের বিষয়টি ঘোষণা করা সমীচীন বলে মনে করেন দলের প্রেসিডিয়ামের এই সদস্য।

দলের যে যা_ই বলুক না কেন এবং বাইরের যে যতো সন্দেহ-সংশয়ের দৃষ্টিতেই দেখুক না কেন, এরশাদের সোজা জবাব, কত আসন পাবো কী পাবো না, কিংবা সরকার গঠন করলে আমরা কতজন মন্ত্রী পাবো, সেটি এবার বিবেচ্য নয়। এবারের মহাজোট গঠনের প্রধান টার্গেট_দেশকে এই পরিস্থিতি থেকে রক্ষা করা এবং আগামীতে ক্ষমতায় যাওয়া। আমাদের সময়ের প্রশ্নের জবাবে তিনি অবশ্য এ_ও বলেছেন, আমি রাষ্ট্রপতি হতে চাই। নির্বাচনের পর রাষ্ট্রপতির দায়িত্ব নিতে আমি প্রস্তুত।

'আওয়ামী লীগের সঙ্গে কথা হয়ে গেছে, মহাজোট ক্ষমতায় গেলে আমিই দেশের পরবর্তী রাষ্ট্রপতি হবো, এটা সিদ্ধান্ত হয়ে গেছে, শনিবার রংপুরে দেয়া এরশাদের এই বক্তব্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে জাপার অভ্যন্তরে। প্রকাশ্যে কিংবা দায়িত্ব নিয়ে কেউ কোনো মন্তব্য করতে রাজি না হলেও অপ্রকাশ্যে জাপার একাধিক নেতাকে বলতে শোনা গেছে, বিষয়টি একেবারেই হাস্যকর। এক নেতা এমনও প্রশ্ন করেছেন, তিনি রাষ্ট্রপতি হচ্ছেন এটা এখনই তার বলা জরুরি হয়ে উঠলো কেন? আরেক নেতার মন্তব্য, মহাজোট নিয়ে কেবল জাপা এবং এরশাদ_ই হইচই করছেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগ তো এ নিয়ে তেমন কোনো কথা বলছেন না।

দলের একজন ভাইস-চেয়ারম্যান বলেন, কিছুদিন আগেও স্যার (এরশাদ) বলেছেন মহাজোট বলতে এখন আর কিছু নেই, সমমনাদের নিয়ে আমরা নতুন জোট করবো, এটাই আমাদের সিদ্ধান্ত। নতুন জোট করার লক্ষ্যে তিনি সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গেও দু'দফা বৈঠক করেছেন। আরো অনেকের সঙ্গেও তিনি দ্বিপক্ষীয় আলোচনা করেছেন। অথচ এসব কথা বেমালুম ভুলে গিয়ে তিনি এখন বলছেন মহজোটেই ছিলেন এবং থাকবেন। এই ভাইস-চেয়ারম্যানের মতে, এভাবে দ্রুত অবস্থান বদল করায় শুধু দলের নয়, তার (এরশাদ) নিজেরও ভাবমর্যাদা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তবে এ ব্যাপারে ভিন্নমতও আছে জাপার ভেতরে। কয়েক নেতা এ_ও বলছেন, এরশাদ সাহেব যা বলছেন তা ঠিকই আছে। নিশ্চয়ই কোনো না কোনো কারণেই তিনি আকষ্মিভাবে কথাগুলো বলছেন। যা দলের অনেকের পক্ষে জানা সম্ভব হচ্ছে না। দু'একজনকে দৃঢ়কণ্ঠে বলতে শোনা গেছে, 'স্যার কখনো ভুল করেন না। বাহ্যিক দৃষ্টিতে মনে হবে তিনি ভুল করছেন, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। তার হিসাব তার কাছেই। তা না হলে তিনি রাষ্ট্রপতি হতে পারতেন না, দীর্ঘ ৯ বছর ক্ষমতায়ও টিকে থাকা তার পক্ষে সম্ভব হতো না।

এদিকে, লন্ডন থেকে দেশে ফিরেই এরশাদের মহাজোটে যাওয়ার ঘোষণার নেপথ্যে কিছু একটা আবিষ্কার করার চেষ্টা করছেন খোদ জাপারই কেউ কেউ। কারো মতে, ১৪ দলকে ভাঙতেই এরশাদ মহাজোটে যাওয়ার ঘোষণা দিয়ে বিভ্রান্তি ছড়িয়ে দিয়েছেন। কেউ মনে করছেন, যেহেতু শেখ হাসিনা দেশে নেই এবং তিনি এখনো জামিনে মুক্ত হতে পারেননি, তাই মহাজোট আবার চাঙ্গা হলে এরশাদ_ই হবেন জোটের দৃশ্যমান শীর্ষ নেতা। সে সুযোগ নিতেই তিনি মহাজোট পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন। জাপার কেউ কেউ আবার বলছেন, এরশাদ আসলে মহাজোটে যেতে চাইছেন না। বি চৌধুরীসহ সমমনাদের নিয়ে তিনি নতুন জোট গঠনের পক্ষে। অনেকটা চাপে পড়ে তিনি মহাজোটে যাওয়ার কথা বলছেন। জাপার বাইরের কেউ কেউ সন্দেহ প্রকাশ করে বলেছেন, ভারতকে ট্রানজিট দেয়ার মিশন নিয়েই মহাজোট-মেগাজোট গঠনের তোড়জোড় চলছে।