৬১ বছরে পা রাখছে আওয়ামী লীগ
দেশের অন্যতম প্রাচীন ও দুই প্রধান রাজনৈতিক দলের একটি বাংলাদেশ আওয়ামী লীগ ৬১ বছরে পা রাখতে যাচ্ছে। মঙ্গলবার দলটির ৬০ তম প্রতিষ্ঠাবার্ষিকী।
১৯৪৯ সালের ২৩ জুন টিকাটুলীর রোজ গার্ডেনে জন্ম নেয় আজকের আওয়ামী লীগ। বাঙালির স্বাধিকার থেকে স্বাধীনতার পথে নেতৃত্ব দিয়েছে এ দল।
আওয়ামী লীগের এক সময়ের কর্ণধার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন এখন।
গত জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের ছয় মাসের মাথায় এবারের প্রতিষ্ঠাবার্ষিকী দলটির জন্য যোগ করেছে ভিন্ন মাত্রা। দিবসটি উপলক্ষে দলের পক্ষ থেকেও তাই ঘোষণা করা হয়েছে জাঁকজমকপূর্ণ কর্মসূচি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বাণী এবং আওয়ামী লীগ মুখপাত্র ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিবৃতি দিয়েছেন।
হাসিনা তার বাণীতে দলের অতীত গৌরবের চিত্র তুলে ধরে অতীতের মতো ভবিষ্যতেও জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
সৈয়দ আশরাফ প্রতিষ্ঠার দিনটি পালনে সব স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
কর্মসূচি:
মঙ্গলবারের কর্মসূচির মধ্যে রয়েছে- ভোর সাড়ে পাঁচটায় দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাতটায় ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ, বেলা দুইটায় সোহরাওয়ার্দী উদ্যানে 'শিখা চিরন্তন' থেকে শোভাযাত্রা এবং সন্ধ্যায় পল্টন ময়দানে সাংস্কৃতিক অনুষ্ঠান।
দলের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নেতৃত্বে কেন্দ্রীয় নেতাদের একটি দল টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন।
বুধবার বেলা দুইটায় পল্টন ময়দানে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

