২/১ টি আসন বাড়ালে মহাভারত অশুদ্ধ হবে?: বিএনপি

kabir0202's picture
Posted by
kabir0202
Tuesday, June 9, 2009 - 1:13pm BST

২/১ টি আসন বাড়ালে মহাভারত অশুদ্ধ হবে?: বিএনপি

বিরোধী দল নয়, সরকারি দলই সংসদকে অকার্যকর করে রেখেছে বলে অভিযোগ করেছে বিএনপি।

প্রধান বিরোধীদলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সোমবার বিকালে এক বিক্ষোভ সমাবেশে এ অভিযোগ করেন।

শনিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে বিরোধী দল সংসদকে অকার্যকর করছে বলে যে অভিযোগ করা হয়েছে তার জবাবে দেলোয়ার বলেন, '' সংসদ অকার্যকর বিরোধী দল নয়, আওয়ামী লীগ করছে। তারা চায় না, বিরোধী দল সংসদে এসে জনগণের সমস্যার কথা বলুক। বিরোধী দলের প্রথম সারিতে একটি আসন বাড়ানো হয়েছে। আর ২/১ টি আসন বাড়িয়ে দিলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে?''

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মাসব্যাপী কর্মসূচির শেষ দিনে 'আওয়ামী লীগের চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলদারির' প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্য দেন দেলোয়ার। বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়।

গত ৫ মে বিদ্যুৎ-গ্যাস-পানিসহ নানা সমস্যা সমাধানের দাবিতে সারাদেশে বিএনপির মাসব্যাপী প্রতিবাদ সমাবেশের কর্মসূচি শুরু হয়। সোমবার সারাদেশের মহানগর ও জেলা-উপজেলা শহরে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সরকারের জনপ্রিয়তা কমে গেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ''বিভিন্ন ক্ষেত্রে গত ৫ মাসে সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে গেছে। এটা যাচাই করতে চাইলে সংসদ ভেঙে দিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিন। পাতানো নির্বাচন নয়, অবাধ সুষ্ঠু নির্বাচনে আপনাদের জনপ্রিয়তা যাচাই করুন।''

আওয়ামী লীগের বিরুদ্ধে বিদেশি সহায়তায় কারচুপি করে নির্বাচনে জেতার দলীয় অভিযোগ পুনর্ব্যক্ত করেন তিনি।

পাঁচ মাসে ক্রসফায়ারে কোনো মৃত্যু হয়নি- স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এরকম দাবির জবাবে দেলোয়ার প্রশ্ন রাখেন,-'' পলিটেকনিক ইন্সটিটিউটের দুই ছাত্রকে গুলি করে হত্যা করা হয়। তা হলে সেই মৃত্যুকে কী বলা হবে? ''

অভিযোগ করে দেলোয়ার বলেন,'' তারা গণতন্ত্রী নয়। এরা ক্ষমতায় গেলে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে থাকে। গণতন্ত্র তারা বিশ^াস করে না।''

বিএনপি মহাসচিব আরও বলেন,'' দেশ এক ভয়াবহ সঙ্কটের মধ্য দিয়ে চলছে। সরকারি দলের ক্যাডাররা টেন্ডার ছিনিয়ে নিচ্ছে।''

বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আর এ গনি, সাবেক সাংসদ সালাহউদ্দিন আহমেদ, নাজিম উদ্দিন আলম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, ছাত্র দলের সভাপতি আজিজুল বারী হেলাল, সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু প্রমূখ বক্তব্য দেন।