বঙ্গবন্ধু স্টেডিয়ামের অধিকার রক্ষায় আন্দোলনের কথা ভাবছেন ফুটবলাররা

kabir0202's picture
Posted by
kabir0202
Tuesday, May 26, 2009 - 9:27pm BST

মাঠ-বিতর্কে ঐক্যবদ্ধ হচ্ছে ফুটবলাররা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অধিকার রক্ষায় তারা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির ব্যানারে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম নিয়ে বিতর্কটা চুকে গেছে আগেই। ক্রিকেটকে পাকাপাকিভাবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পাঠিয়ে দিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়াম বরাদ্দ দেওয়া হয়েছিল ফুটবলকে।

এই মীমাংসিত বিষয়টাকে আবারো বিতর্কের মুখে ঠেলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপ ক্রিকেটের জন্য বঙ্গবন্ধু স্টেডিয়ামের দাবি তুলে। যা দারুন শংকার মধ্যে ফেলে দিয়েছে ফুটবলারদের। তাই ক্যারিয়ারের পড়ন্ত বেলায়ও বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদ অধিকার রক্ষায় সরব হয়েছেন, "এটা হতে পারে না। সব স্টেডিয়ামে ক্রিকেট হলে ফুটবলের কী হবে ? ফুটবলের যখন জাগরন শুরু হয়েছে তখন ক্রিকেট বোর্ড এরকম অনায্য দাবি করে বসেছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রয়োজনে মাঠ রক্ষার আন্দোলন করবো।"

এতদিন শোনা গিয়েছিল শুধু বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান হবে বঙ্গবন্ধুতে। দুদিন আগে মানে রোববারও ক্রীড়া প্রতিমন্ত্রী এই বলে নিশ্চয়তা দিয়েছিলেন। কিন্তু তিনি বলার কয়েক ঘন্টা পর ওই রাতেই ক্রিকেট বোর্ড সভা করে বিশ্বকাপের ম্যাচের জন্য এই স্টেডিয়াম চেয়ে বসে সরকারের কাছে। ফুটবল খেলোয়াড় সমিতির সভাপতি ইকবাল হোসেনের চোখে এটা অনাকাঙ্খিত, "এদেশে দুই বছর ফুটবল বন্ধ থাকবে আর ক্রিকেট বিশ্বকাপ খেলবে, এটা কারো কাছে কাম্য হতে পারে না। দেশের সচেতন মানুষও নিশ্চয়ই এটা বুঝবেন।" তারা এখন পরিস্থিতি পর্যবেক্ষন করছেন এবং সরকারের মনোভাব বুঝতে চেষ্টা করছেন। সেটা ফুটবলের স্বার্থের পরিপন্থী হলেই তারা আন্দোলনে যাবেন।

আরিফ খান জয় অবশ্য আশা করছেন সরকার ক্রিকেটের দাবির মুখে নতি স্বীকার করবে না। ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির এই সাধারণ সম্পাদক বলেছেন, "অনেকে ঘোলা জলে মাছ স্বীকারের চেষ্টা করছে। আশাকরি ক্রীড়ামুখী এই সরকার সেটা বুঝতে পারবে। আমরা নিজেরা আলোচনা করছি এবং আজকের দিনটা পর্যবেক্ষণ করছি। কাল করণীয় ঠিক করা হবে।"