প্রবাসী কল্যাণ তহবিল থেকে ১০১ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ
ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রবাসীদের কল্যাণের জন্য গঠিত তহবিল থেকে ১০১ কোটি ৯৩ লাখ টাকা আত্মসাৎ করার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। (আরও তথ্যসহ বিস্তারিত)
বৃহস্পতিবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের মহা পরিচালক (প্রশাসন) কর্ণেল হানিফ ইকবাল সাংবাদিকদের জানান দুদকের একটি বিশেষ টিম এ তথ্য উদ্ঘাটন করেছে।
হানিফ ইকবাল বলেন, প্রবাসী কল্যাণ তহবিল এবং ইরাক-কুয়েত প্রত্যাগত বাংলাদেশীদের কল্যাণে জাতিসংঘের অর্থসাহায্যপুষ্ট হাউজিং কমপে¬ক্স নির্মাণ প্রকল্প থেকে ৩৫ কোটি ৩০ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, এই প্রকল্পের জন্য দেড়শ কাঠা জমি কেনা হয় ২৩ কোটি ৪৮ লাখ টাকায়। কিন্তু রেজিস্ট্রেশনের সময় জমির মূল্য দেখানো হয় ১৮ কোটি ১৮ লাখ টাকা। এ ক্ষেত্রে ৫ কোটি ৩০ লাখ টার ওপর প্রযোজ্য কর ফাাঁকি দেওয়া হয়েছে।
একই প্রকল্পে ৫'শ টি অ্যাপার্টমেন্ট করার জন্য ৬ টি ভবন নির্মাণের কথা ছিল। কিন্তু একটি ভবনও পুরোপুরি নির্মাণ না হলেও দুইটি নির্মাণ প্রতিষ্ঠানকে ৩৫ কোটি টাকা পরিশোধ করা হয়। বাস্তবে তারা কাজ করেছে মাত্র ৫ কোটি টাকার। এ ক্ষেত্রে ৩০ কোটি টাকা আত্মসাত করা হয়েছে।
এছাড়া প্রবাসীদের জন্য হোস্টেল কমপে¬ক্স নির্মাণ প্রকল্প থেকে নির্মাণ ব্যয় বাবদ ৫২ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে।
এই প্রকল্পে সরকারের কাছ থেকে লিজ নেওয়া জমিতে ১৮ তলা ভবন নির্মাণের জন্য একটি নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়। কিন্তু পরে ওই লিজ বাতিল হলেও নির্মাতা প্রতিষ্ঠান কোনো কাজ না করেই ৫২ কোটি ১৪ লাখ টাকা তুলে নেয়।
মহা পরিচালক আরো বলেন, ১৯৯৯ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত সময়ে একজন সচিব ও ওই সময়ের সরকারি দলের চার জন সাংসদ বিদেশ ভ্রমণের জন্য ওই কল্যাণ তহবিল থেকে বেআইনীভাবে ১৩ কোটি ৭৯ লাখ তুলে নিয়েছেন।


Comments
প্রবাসী কল্যাণ তহবিল থেকে ১০১ কোটি টাকা আত্মসাৎ
প্রবাসী কল্যাণ তহবিল থেকে ১০১ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ