
যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসার নতুন পয়েন্টভিত্তিক পদ্ধতি চালু
যুক্তরাজ্যে পড়তে যেতে আগ্রহী বিদেশী ছাত্র-ছাত্রীদের মঙ্গলবার থেকে একটি নতুন পয়েন্ট-ভিত্তিক পদ্ধতির আওতায় স্টুডেন্ট ভিসার আবেদন করতে হবে।
ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, আবেদন প্রক্রিয়া সহজতর করাই এর উদ্দেশ্য।
মঙ্গলবার ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
এতে বলা হয়, আবেদনকারীদের জন্য এই নতুন ব্যবস্থা অধিকতর স্বচ্ছ।
নতুন এ ব্যবস্থার আওতায় বিদেশী ছাত্র-ছাত্রীদের একটি পয়েন্টভিত্তিক মূল্যায়নে পাস করে ৪০ পয়েন্ট পেতে হবে। সংশ্লিষ্ট ছাত্র যুক্তরাজ্যে ইউকে বর্ডার এজেন্সি অনুমোদিত একটি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো কোর্সে ভর্তির প্রমাণ দেখানোর জন্য পাবেন ৩০ পয়েন্ট । আর যুক্তরাজ্যে পড়াশুনা ও অন্যান্য ব্যয়ভার বহনে সক্ষমতা প্রমাণের জন্য ধরা হয়েছে ১০ পয়েন্ট।
এছাড়া আন্তর্জাতিক ছাত্র-ছাত্রীদেরকে স্থানীয় ভিসা আবেদন কেন্দ্রে তাদের বায়োমেট্রিক বৃত্তান্ত সরবরাহ করতে হবে।
ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের ইমিগ্রেশন সার্ভিসের প্রধান স্টুয়ার্ট পারসিভাল এ সম্পর্কে বলেন, এই নতুন পদ্ধতি চালুর ফলে এখন আবেদনকারীরা ভিসার জন্য আবেদনের আগেই জানতে পারছেন তারা যোগ্য কি-না। আবেদন প্রক্রিয়া আরো স্বচ্ছ করাই নতুন এই পদ্ধতি চালুর উদ্দেশ্য বলে তিনি দাবি করেন।
