
বিকেলে যখন হাবিবুল বাশারকে ফোনে ধরা হল তখনও তিনি জানেন না যে ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের ইন্ডিয়ান ক্রিকেট লিগে (আইসিএল) যোগ দেওয়া ক্রিকেটারদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। খবরটা শুনে দেওয়া তার আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় আশাবাদই শোনা গেল, "মাত্র তো শুনলাম। বিস্তারিত এখনো কিছু জানি না। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড যদি সেরকম কোনো সিদ্ধান্ত নিয়েই থাকে, তাহলে আশা করবো আমাদের ক্রিকেট বোর্ডও একইরকম সিদ্ধান্তই নেবে।" রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনামের দেওয়া বক্তব্য শুনে আরো আশাবাদী হয়ে উঠতে পারেন বাংলাদেশের আইসিএল ক্রিকেটাররা। কারণ বিসিবিও ভারতীয় বোর্ডের পথেই হাটতে যাচ্ছে বলে আভাস দিয়েছেন মাহবুব।
যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড একেবারে বিনা শর্তে সাধারণ ক্ষমা ঘোষণা করেনি। বলা হয়েছে, ৩১ মে'র মধ্যে তারা আইসিএলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলে ক্ষমার আওতায় আসবেন। এবং ১ জুন থেকে তারা ঘরোয়া ক্রিকেটে আর নিষিদ্ধ থাকবেন না। এমনকি তারা আন্তর্জাতিক ক্রিকেটেও ফিরতে পারবেন। তবে সেজন্য তাদেরকে এক বছর অপেক্ষা করতে হবে। ২৮ এপ্রিল মুম্বাইতে ২০১১ বিশ্বকাপের কেন্দ্রীয় সাংগঠনিক কমিটির সভায় যোগ দিয়ে ফেরা মাহবুব আনামকে বুধবার রাতের বিশ্বকাপ বিষয়ক সংবাদ সম্মেলনে আইসিএল সম্পর্কিত প্রশ্নেরও মুখোমুখি হতে হল। তিনি যে জবাব দিলেন তাতে শাহরিয়ার নাফীস, আফতাব আহমেদ এবং অলক কাপালিদের জন্য আশার আলোই দেখা গেল।
আইসিএলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আসতে পারলে তাদের আবার দেশের মাটিতে স্বাভাবিক ক্রিকেট জীবনে ফিরে আসতে কোনো বাঁধা নেই বলেই মনে হল মাহবুবের কথায়, "আইসিসির গত বোর্ড সভায় এবিষয়ক একটি সিদ্ধান্ত হয়েছে। এমনিতে অনুমোদনহীন কোনো টুর্নামেন্টে খেললে সংশ্লিষ্ট ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারে না। তবে চুক্তি বাতিল করলে সে ঘরোয়া ক্রিকেটে ফিরতে পারবে। এবং আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হলে তাকে এক বছর অপেক্ষা করতে হবে। আইসিসির এই সিদ্ধান্তটা আগামী জুন থেকেই কার্যকর হচ্ছে। এর প্রেক্ষিতেই ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্ষমা ঘোষণা। এবিষয়ে আমরা এখনই কিছু জানাতে পারছি না। তবে আগামী ৯ মে'র বোর্ড সভায় আমরা এটা অনুমোদন করবো।"
বিকেলে ক্রিকইনফো'তে ভারতীয় বোর্ডের ক্ষমা ঘোষণার খবরটা পড়ে ঠিক এমন কিছু হবে বলেই মনে হয়েছে আইসিএলে যোগ দিয়ে ১০ বছরের জন্য নিষিদ্ধ ১৪ বাংলাদেশী ক্রিকেটারের একজন শাহরিয়ার নাফীসের, "আমাদের নিষিদ্ধ করার পেছনে বড় এক নিয়ামক ছিল ভারত। কাজেই ভারত যখন ক্ষমা করে দিচ্ছে, তখন আমাদের ক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলেই আশা রাখি।"
