কলকাতার আনন্দবাজার পত্রিকায় ১০ জুলাই ‘ভারতে ঠাঁই নেই, দেশে ফিরতেই আর্জি তসলিমার’ শিরোনামে প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তসলিমা নাসরিন। গতকাল নিউইয়র্কে বার্তা সংস্থা এনাকে তিনি বলেন, বাংলাদেশের মৌলবাদিরা নয়, সে সময়ের বিএনপি সরকারের চাপেই তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। মৌলবাদিরা কখনোই আমার শত্র“ ছিল না। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তদানিন্তন বিএনপি সরকার আমাকে দেশ ত্যাগে বাধ্য করেছে।
আনন্দবাজারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ধর্মীয় মৌলবাদিরা তীব্র আন্দোলনের মাধ্যমে তসলিমা নাসরিনকে দেশ ত্যাগে বাধ্য করে। আনন্দবাজারসহ ঢাকার কয়েকটি পত্রিকার প্রতিবেদন প্রসঙ্গে নাসরিন আরো বলেন, এখনও বাংলাদেশি পাসপোর্ট নবায়নের আবেদন করিনি। তবে শিগগির নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে যাব পাসপোর্ট নবায়নের জন্য। তিনি বলেন, বর্তমানের অসাম্প্রদায়িক সরকার আমাকে দেশে ফিরতে সহায়তা দেবেন বলে আশা করছি।
তসলিমা নাসরিন দীর্ঘ ১৫ বছরের প্রবাস জীবনে অন্তত ১৫ বার পাসপোর্ট নবায়নসহ ইউরোপিয় ইউনিয়নের পাসপোর্টে ভিসার জন্য বিভিন্ন দেশের কনস্যুলেটে আবেদন করেছেন। কিন্তু একবারও তার আবেদন গ্রহণ করা হয়নি। তিনি আশা করছেন হাসিনা সরকার দেশে ফিরতে এবার তাকে বাধা দেবে না।
সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও প্রতিমন্ত্রী হাসান মাহমুদ যুক্তরাষ্ট্র সফরে এনার এক প্রশ্নের জবাবে বলেন, তসলিমা নাসরিনের দেশে ফিরতে কোনোই বাধা নেই।
