'রাজাকারের গাড়িতে পতাকা ওড়াতে দেওয়ার জন্য খালেদার বিচার হওয়া উচিত'

kabir0202's picture
Posted by
kabir0202
Sunday, May 24, 2009 - 12:47am BST

'রাজাকারের গাড়িতে পতাকা ওড়াতে দেওয়ার জন্য খালেদার বিচার হওয়া উচিত'

সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, মুক্তিযোদ্ধার স্ত্রী হয়েও খালেদা জিয়া রাজাকারদের গাড়িতে জাতীয় পতাকা ওড়ানোর সুযোগ দিয়েছেন। এজন্য তার বিচার হওয়া উচিত।

তিনি শনিবার সন্ধ্যায় নগরীর মুসলিম হলে মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নীলুফার কায়সারের জন্য নাগরিক শোকসভায় এ কথা বলেন।

সংসদ উপনেতা বলেন, "স্বাধীনতাবিরোধী চক্র এখনো আমাদের শেষ করার চক্রান্তে লিপ্ত। সেইসব রাজাকারদের বিচার করার সময় এসেছে।"

তিনি ঐক্যবদ্ধভাবে 'এইসব জালেমদের' মোকাবেলার আহবান জানান।

একটি সুখী সুন্দর দেশ গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে নারী নেত্রী নীলুফার কায়সারের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে বলে মত দেন সাজেদা চৌধুরী।

শোকসভা কমিটির আহবায়ক ও চবি উপাচার্য ড. আবু ইউসুফ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, প্রবীণ বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী, সাবেক মন্ত্রী এম এ মান্নান, সাংসদ এবিএম আবুল কাশেম মাস্টার, এম এ লতিফ এমপি, চেমন আরা তৈয়ব এমপি, ভারতের সহকারি হাই কমিশনার সুব্রত ভট্টাচার্য্য, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন, আওয়ামী লীগ নেতা এম এ সালাম, মোছলেম উদ্দীন আহমদ, সিপিবি নেতা কমরেড শাহ আলম, লেখিকা ফাহমীদা আমীন, ওয়ার্ড কাউন্সিলর রেহানা আক্তার রানু প্রমুখ।

সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, "আওয়ামী লীগ বিপুল ভোটে ক্ষমতায় এসেছে। এতে আমাদের সন্তুষ্ট হলে চলবে না। এ বিজয়কে কাজে লাগিয়ে মানুষের সেবার জন্য আমাদের কাজ করতে হবে।"

নীলুফার কায়সারকে একজন মেধাবী নেত্রী হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগ নেত্রী বলেন, "তিনি কর্তব্য কাজে কখনো ফাঁকি দেননি। অনেক নেতা-নেত্রীর মাঝে মনোমালিন্য হলেও নিরহঙ্কার এই নেত্রীর সাথে কখনো তা হয়নি।"

সংসদ উপনেতা নীলুফার কায়সারের নামে নগরীতে একটি বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সভা থেকে অনুরোধ জানান।

মহানগর আওয়ামী লীগের সভানেত্রী নীলুফার কায়সার আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সারের সহধর্মিনী। দীর্ঘদিন দূরারোগ্য ক্যান্সারে ভোগার পর এ বছরের ৬ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।