ভালবাসার দিন রাত্রি - WatchDog

WatchDog_bd's picture
Posted by
WatchDog_bd
Sunday, February 15, 2009 - 11:52pm BST

Imageভালবাসার দিনে বাংলাদেশের মত রক্ষনশীল মুসলিম দেশে যে ধরনের উচ্ছাস এবং মাতামাতি দেখা যায় তা সমসাময়িক আর্থ-সামাজিক গিলোটিনে বিচার করলে নতুন এক সাংস্কৃতির অভ্যুদয় বলে প্রতীয়মান হবে। এ দিনে শুধু ফুলই বিক্রী হয় কোটি টাকার, আর সাথে থাকে সমান সংখ্যক কার্ড বদলের পর্ব। বিবাহপূর্বক ভালবাসা বাংলাদেশে ধীরে ধীরে সামাজিক স্বীকৃতি পাচ্ছে তাতে সন্দেহ নেই, এবং তা পৃথিবীর অনেক দেশের মত আমাদের সমাজেও বিয়ে সাংস্কৃতি ডমিনেট করতে শুরু করছে। নতুন প্রজন্মের বাংলাদেশে জন্যে বিয়ে এখন পারিবারিক ইভেন্টের চেয়ে ব্যক্তিগত ইভেন্ট হিসাবে বিবেচিত হচ্ছে। বড় বড় শহর গুলোর উঠতি ছেলে মেয়েদের জন্য গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখন দৈনন্দিক জীবনের অংশ হয়ে দাড়িয়েছে, এ নিয়ে মা-বাবার উচ্চবাচ্যের সুরও ধীরে ধীরে স্তিমিত হয়ে আসছে। এ পরিবর্তনকে আমরা যারা নতুন প্রজন্মের নই তারা কি ভাবে গ্রহন করব তার উপর নির্ভর করবে এর বিবর্তন।

ভালাবাসা মানুষের জন্মগত বিবর্তনের মৌলিক চাহিদা, এ চাহিদাকে অস্বীকার করতে হলে মানুষের বেচে থাকার মূল্যবোধকেই অস্বীকার করতে হবে। ১৬ হতে জীবনের শেষদিন পর্য্যন্ত ভালবাসাকে আমরা লালন করি মনের সবটুকু উজাড় করে, কখনো তা প্রকাশ্যে, কখনো আবার নীরবে নিভৃতে। এমন বাস্তবতাকে মেনে নিয়ে আমাদের সমাজে উচিৎ হবে ভালবাসার জন্যে আরও একটু জায়গা করে দেয়া। ১৬/১৭ বয়সের ভালবাসার উচ্ছাসকে সামাজিক অপরাধ না ভেবে একে কিভাবে সমাজে অর্ন্তভূক্ত করা যায় তার উপর জোর দেয়ার সময় হয়েছে বোধহয়। রিক্সায় গাদাগাদি হয়ে একটু পরশ, পার্কের নগ্ন চাউনি উপেক্ষা করে একটু কাছাকাছি আসার অনন্তকর প্রচেষ্টা, এ সবই ভালবাসার প্রয়োজনীয় অংশ। কিন্তূ এ গুলোকেই যদি আরও একটু বড় প্রেক্ষাপটে মেনে নিতে পারি, তাতে সমাজের হারানোর কিছু থাকবে বলে মনে হয়না। আমি যা বলতে চাচ্ছি তা হল, ভালবাসার যুগলকে যদি আমরা অন্তত হাতে হাত রেখে সমাজে বিচরন করতে দেই তা কি খুবই অন্যায় অথবা দৃষ্টিকটু হবে?