Tue September 8, 2009 - 11:11am BdST
বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। বাংলাদেশের মানুষ পরিবর্তনের স্বপ্ন দেখে। বাংলাদেশের মানুষ বারবার পরিবর্তনের স্বপ্নে উদ্বুদ্ধ হয়ে ওঠে, আপ্লুত হয়। ২০০১ থেকে ২০০৭-এর বিএনপি-জামায়াত সরকারের আমলে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। সর্বত্র দলীয়করণ, সবকিছুর দখল মানুষের প্রাণ ওষ্ঠাগত করে ফেলেছিল। নদীদখল, চরদখল, পেশাজীবী প্রতিষ্ঠানগুলো দখল−সর্বত্রই ছিল সেই দখলের কালো থাবার বিস্তার। হাসপাতাল হাসপাতাল ছিল না, বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ছিল না, স্কুল-কলেজ, হাট-বাজার, মাঠ-ঘাট সবকিছু দখল করে নিয়েছিল ক্ষমতাসীন জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা, তাঁদের সামর্থ্য অনুযায়ী। দখল করেছিল, কারণ দখলটা আসলে লাভজনক, অর্থকরী। একটা হাসপাতাল দখল করলে নানা সুত্র থেকে টাকার বখরা আসে, ঠিকাদারেরা দেয়, অ্যাম্বুলেন্সওয়ালারা দেয়, অবৈধ দোকানপাটওয়ালারা দেয়। আর নিয়োগ-বদলি যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে তাঁকে আর পায় কে? তিনি হয়ে ওঠেন একজন ক্ষমতার দৈত্য। অর্থ বলি, প্রতিপত্তি বলি, সব তাঁর পায়ের কাছে এসে লুটিয়ে পড়ে।