এখন থেকে ইনডিয়া ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকরা তাজমহল দেখতে পারবেন মাত্র ১০ রুপির বিনিময়ে। এর আগে ইনডিয়ান নাগরিক ছাড়া বিদেশিদের ক্ষেত্রে তাজমহল দেখার প্রবেশ ফি ৭৫০ রুপি ছিল। আর ইনডিয়ানদের ক্ষেত্রে ফি ছিল মাত্র ১০ রুপি। বাংলাদেশের সঙ্গে সার্ক ও বিমসটেকভুক্ত দেশগুলোর নাগরিকরাও এখন থেকে এ সুবিধা পাবেন।
ইনডিয়ার কালচারাল মিনিস্ট্রি গত ২৪ ফেব্রুয়ারি এক গেজেটে প্রকাশিত এবং গত ৫ মার্চ এক নোটিফিকেশনের মাধ্যমে এ নতুন ফি নির্ধারণ করেছে। তবে এ নতুন ফি শুধু আগ্রার তাজমহলের ক্ষেত্রেই প্রযোজ্য নয়, ইনডিয়ার সব দর্শনীয় স্থানের ক্ষেত্রে প্রযোজ্য। ফলে এখন থেকে ইনডিয়ান নাগরিকদের মতো সমান ফির বিনিময়ে সার্ক ও বিমসটেক দেশগুলোর নাগরিকরা ইনডিয়ার দর্শনীয় জায়গাগুলো দেখতে পারবেন। তাজমহল ছাড়া ইনডিয়ার অন্যান্য দর্শনীয় জায়গার ফি বিদেশিদের জন্য ২৫০ রুপি নির্ধারিত থাকলেও এখন তা ১০ রুপির মধ্যে দেখতে পারবেন এসব দেশের নাগরিকরা।
দিল্লিতে অনুষ্ঠেয় চতুর্দশ সার্ক শীর্ষ সম্মেলনে কেয়ারটেকার সরকারের চিফ অ্যাডভাইজর ড. ফখরুদ্দীন আহমদ প্রস্তাব করেছিলেন, সার্কভুক্ত দেশগুলোর সব দর্শনীয় স্থানের প্রবেশ ফি অভিন্ন করার। এ প্রস্তাব বাস্তবায়নে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয় চেষ্টা চালিয়ে আসছিল। ইনডিয়ার এ সিদ্ধান্তের ফলে সে দেশে ভ্রমণকারী বাংলাদেশিরা ইনডিয়ানদের সমপরিমাণ ফি দিয়ে দর্শনীয় জায়গাগুলো দেখার সুযোগ পাবেন।
জানা গেছে, প্রতি বছর কয়েক লাখ বাংলাদেশি দর্শনার্থী ইনডিয়ায় ভ্রমণ করেন। ইনডিয়ার এ ইতিবাচক পদক্ষেপের ফলে বাংলাদেশেরও প্রচুর বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।
চিফ অ্যাডভাইজরের এ প্রস্তাব বাস্তবায়ন হওয়ায় ইনডিয়ান নাগরিকদের সঙ্গে সার্কভুক্ত অন্যান্য দেশ পাকিস্তান, শ্রী লংকা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তানের নাগরিকরা এ সুযোগ পাবেন। একই সঙ্গে বিমসটেকভুক্ত দেশ মিয়ানমার ও থাইল্যান্ডের নাগরিকরাও এ সুবিধা পাবেন।
