যে কারণে ই-মেলাকে ভালোবাসি

zswapan's picture
Posted by
zswapan
Friday, March 14, 2008 - 7:31am BST

আমি অনেকগুলো কারণে ই-মেলাকে ভালোবাসি। ইচ্ছে করেই ‍পছন্দ করি শব্দটা ব্যবহার করলাম না। প্রথমে মনে হয়েছিল, আমি হয়তো পছন্দ করি। কিন্তু সাথে সাথে অনুভব করলাম, না এটি সঠিক প্রকাশ হলো না। আমি আসলে ভালোবাসি। এর অনেকগুলো কারণের একটি আজকে বলে ফেলি।

ই-মেলাকে ভালোবাসি মানুষের জন্য। এখানে যে মানুষগুলো ভিজিট করতে আসেন, তাদের বুদ্ধি আর ইমোশনের প্রকাশ দেখে আমি তাকিয়ে থাকি; আর ভাবি, মানুষের চিন্তা কত প্রসারিত হতে পারে, কত গভীর হতে পারে। মাঝে মাঝে কিছু নোংরা আবর্জনার আবির্ভাব হয় বটে; তবে নদীর পানির স্রোতের সাথে কিছু কচুরি-পানা আসবেই। সেই কচুরিপানার জন্য তো আমি নদীতে গোসল করবো না, সেটা হতে পারে না। নর্দমার চেয়ে নদী অনেক বড়, অনেক বেশি প্রসস্থ।

আজকে একটি কমেন্ট পড়ে এইটুকু লিখতে বসেছি। রোজদিন ভাবি কিছু কিছু লিখবো। নানান কারনে আর সেটা হয়ে উঠে না। তবে, আজকের বিষয়টি আমাকে খুব ভাবিয়েছে। একটা জটিল জিনিসকে এভাবে সহজভাবে কেউ বলতে পারে, সেটা ওই কমেন্টটি না পড়লে বুঝতে পারছিলাম না। কমেন্টটি লিখেছেন, উজ্জল প্রামানিক। অনেকেই হয়তো তার মতো করে ভাবেন। তবে আমার চোখে পড়েছে এই প্রথম।

কাউছার আহমেদ সাহেব একটা জরিপের প্রশ্ন দিয়েছেন, ‍"আর্মি সমর্থিত সরকারের কিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে কি নতুন নেতৃত্বের জন্ম নিবে?" সেই জরিপের নিচে উজ্জল প্রমানিক মন্তব্য লিখেছেন। ওখানে তিনি খুব সহজভাবে বলেছেন, একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী আর পাহারাদাড়-এর ভেতর পার্থক্যটি কী? আর একজন দাড়োয়ান যখন সেই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হন, তখন কি কি বিপর্যয় হতে পারে। এই সত্যি কথাটি বিগত এক বছরে আমি কোথাও দেখিনি। কোনো পত্রিকা এমন এনালাইসিস দেয়নি।

http://e-mela.com/content/army-govt-leadership

তবে এটা ঠিক, দাড়োয়ান বনাম প্রধান নির্বাহী নিয়ে অনেক দ্বিমত থাকতে পারে, অনেক বিতর্ক থাকতে পারে। কিন্তু কোনো একটি সমস্যাকে যে এভাবে দেখা যায়, সেটা ভেবেই অবাক হচ্ছি।

উজ্জল প্রামানিককে ধন্যবাদ।