বিদেশী বদনাম

১৪তম অ্যালবাম নিয়ে স্টুডিওমুখী হয়েছেন গ্ল্যামারাস কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। সংগীতার অর্থায়নে এবারের অ্যালবামের কাজ করছেন সুরকার শওকত আলী ইমন। প্রকাশের কথা আসন্ন ঈদে। যেমনটা প্রতি ঈদেই প্রকাশ হয়। যদিও সে অর্থে সফল কোন গান অথবা অ্যালবাম নিয়ে এখনও আলোচনায় আসতে পারেননি আঁখি। তবুও তিনি দেশের হাতে গোনা কয়েকজন বিদেশমুখী ব্যস্ত শিল্পীর মধ্যে অন্যতম।

সে কারণে আঁখির প্রতি প্রশ্ন ছিল, অ্যালবাম তৈরির পাশাপাশি খুব শিগগিরি কোন দেশে যাচ্ছেন? তার ঝটপট উত্তর ছিল, ইতালি হয়ে সুইডেন থেকে ফিরলাম কিছুদিন হয়। তবে আপাতত ঈদের আগে আর যাচ্ছি না। এমনিতেই আমার বদনাম, আমি নাকি শুধু দেশের বাইরে বাইরে থাকি।

তাই ভাবলাম অন্তত আগামী এক দেড় মাস বদনামের হাত থেকে বাঁচা যাবে। আঁখি কথাগুলো হাসতে হাসতে বেশ মজা করেই বললেন। তবে সঙ্গে এও বলেন, আশা করছি ঈদের পর পরই আবার বদনামটাকে ঘাড়ে নিয়ে দেশ ছাড়তে হবে। সম্ভাব্য দেশ আমেরিকা। আঁখির ভাষায় স্পষ্ট, বদনাম ঘাড়ে নিয়েও প্রবাসীদের ভালোবাসায় তিনি সিক্ত হতে চান আরও অনেকটা সময়।