জুলির বৈশাখী ভালবাসা

বালাম ফিচারিং জুলি, সংগীতার সঙ্গে চড়া মূল্যের চুক্তি আর প্রকাশনা নিয়ে ঠিক কি পরিমাণ হৈ চৈ পড়েছিল মিডিয়া এবং শ্রোতাদের সেটা এখনও ভুলে যাননি অনেকেই। গত বৈশাখে (এপ্রিল ২০০৮) প্রকাশিত এ অ্যালবামের ফলাফল আশানুরূপ হয়নি। প্রযোজকের লগ্নিকৃত অর্থ ফেরত এলেও বালাম-জুলি এগুতে পারেননি প্রত্যাশার মাপে।

তাই বলে বোনের জন্য বালামের চেষ্টা যে কম ছিল তা কিন্তু বলা যাবে না। এর মধ্যে ৩/৪টি অসাধারণ গান ছিল, যেগুলো বেশ সফলও হয়েছিল। যদিও সেটা এ সময়ের বিচারে টিকেনি। ম্লান হয়েছে এরই মধ্যে। সে সব ভুলে শহুরে শ্রোতারা এখন ব্যস্ত সায়ান, মিনার, বালাম কিংবা হাবিবের নতুন নতুন গান নিয়ে।

ফলে বালাম এখনও পর্দায় থাকলেও বোন জুলি টুপ করে চলে গেছেন পর্দার আড়ালে- মাত্র ছমাসের ব্যবধানে। কেমন আছেন আলোচিত বালামের আলোচিত বোন জুলি? গানের কথা নতুন করে ভাবছেন কি? নাকি ব্যস্ত আছেন সংসার আর চাকরি নিয়ে? এসব প্রশ্নের জবাব খুঁজতে সম্প্রতি কথা হয় জুলির সঙ্গে। আলাপে জানা গেল তিনি থেমে যাননি।

আসছেন আবারও একই সময়ে। অর্থাৎ বৈশাখে। সম্ভব হলে প্রতি বৈশাখেই তিনি আসবেন, চেষ্টা করবেন এগুতে আস্তে আস্তে। আরও কিছু মেলোডি গান নিয়ে বৈশাখী বাজারে আসবেন আপন ভাইয়ের সুর ও সঙ্গীত পরিচালনায়। জুলি এরই মধ্যে শুরু করেছেন তার দ্বিতীয় অ্যালবামের প্রস্তুতি পর্ব। এবারের অ্যালবামের নাম থাকছে একই ধারার- বালাম ফিচারিং জুলি-২ ।

পরিকল্পনা শেষে কাজ শুরু করছেন আগামী মাসের প্রথম থেকে। এরই মধ্যে নকশা করে ফেলেছেন অ্যালবামের। এবারের অ্যালবামে তেমন কোন পরিবর্তন থাকছে কি? জুলি বলেন, না, তেমন পরিবর্তন থাকছে না। তা ছাড়া শুরুর আগে বলাটাও মুশকিল। তবে এবার ভাইয়ার একক গান না রেখে ভাবছি দুটি গান দ্বৈত করবো। যদিও এরই মধ্যে বালাম-জুলি ব্যর্থ হয়েছেন চলচ্চিত্রের গানে দ্বৈত কণ্ঠে।

একটি নয় দুটি আলাদা চলচ্চিত্রের দুটি আলাদা গানে। এর একটি আমাদের ছোট সাহেব অন্যটি প্রিয়তমেষু চলচ্চিত্রে। সম্ভবত এমন ভাবনা থেকেই এবার অডিওতে গাইছেন ফের দুজনে। আগামী বৈশাখের দ্বিতীয় অ্যালবামে একক গানের পাশাপাশি প্রমাণ করতে চান দ্বৈত গানেও। ঘোচাতে চান চলচ্চিত্রে জ্বলে না উঠার জেদ। জয়ী হওয়ার জেদ অনেক ভাল অভ্যাস, কিন্তু জুলি বারবার বৈশাখে ফিরতে চান কেন?

তিনি বলেন, এটা সিম্পল ইকুয়েশন। প্রথম অ্যালবাম বৈশাখে এসেছে। বছরে একটি অ্যালবাম করবো বলে ঘুরে ফিরে আবার বৈশাখটাই টার্গেটে রেখেছি। তাছাড়া ঈদ-চাঁদে এত হৈ-হুল্লোড় আমার ভাল লাগে না। তাই এ সময় অ্যালবামও দিতে চাই না। বৈশাখটা আমার কাছে শান্ত নদীর মতো। বৈশাখ ঋতুটাই কেমন যেন, অন্যরকম রঙ আর উৎসবে ভরা।