নাটক কনসার্ট

Singers: Drama of artistes: November 26, 2008

এমন ঘটনা ঘটতে যাচ্ছে এই প্রথম। একই সঙ্গে পাঁচ সংগীত তারকা অভিনয় করতে যাচ্ছেন একটি নাটকে। এরা হচ্ছেন- আজম খান, এসআই টুটুল, বাপ্পা মজুমদার, মেহরীন ও মিলা। অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় আজ থেকে শুটিং শুরু হওয়ার কথা কনসার্ট নামের নাটকটির।

নাটকের পুরো কাহিনী আবর্তিত হয়েছে সংগীতকে ঘিরে। দেশের অডিও শিল্পে পাইরেসি এবং অন্য নানা সমস্যা নিয়ে বিস্তৃত হয়েছে নাটকের মূল গল্প। কনসার্ট নাটকে আজম খান অভিনয় করবেন ভূতের গণকের চরিত্রে। আর বাকি চার সংগীত তারকা রূপদান করবেন যার যার নিজের সংগীতশিল্পী চরিত্রে।

এদের সঙ্গে নিজ নিজ যন্ত্রশিল্পীরাও নাটকটিতে অভিনয় করবেন। নাটকের শুটিং হবে বেঙ্গল স্টুডিও ও ঢাকার আশপাশের কয়েকটি জঙ্গলে। কনসার্ট নাটকের গল্পে দেখা যাবে সংগীত তারকা এসআই টুটুল, বাপ্পা মজুমদার, মেহরীন ও মিলা নিজ নিজ যন্ত্র শিল্পীদের নিয়ে একসঙ্গে যাচ্ছেন একটি কনসার্টে গান গাইতে।

এমন সময় একদল ভূতের আক্রমণের মুখোমুখি হবেন তারা। ভূতের দল যন্ত্রশিল্পীসহ চার সংগীত তারকাকেই অপহরণ করে নিয়ে যাবে তাদের রাজ্যে। সেখানে ভূতদের রাজা, রানী, রাজপুত্র এবং অন্যরা জানাবে এ চারজনই তাদের খুব প্রিয় শিল্পী। সেখানে একটি কনসার্টের আয়োজন করে তাদের গান শুনবে ভূতেরা।

এরপর ভূতরাজ শিল্পীদের কাছে জানতে চাইবে তারা কি কি সমস্যায় আছেন। শিল্পীরা জানাবে অডিও শিল্পের প্রথম ও প্রধান সমস্যা হচ্ছে অডিও পাইরেসি। ভূতরাজার আদেশে কিছু ভূত খুঁজে বের করবে কারা অডিও পাইরেসি করে। তাদের ধরে নিয়ে আসবে, শাস্তি দেবে। এরপর অডিও শিল্পের আরও নানা সমস্যার বিভিন্ন সমাধানকে ঘিরে শিল্পীদের সামনেই ভূতরাজ্যে ঘটবে আরও বিভিন্ন মজার ঘটনা।

এভাবেই এগিয়ে যাবে কনসার্ট নাটকটির কাহিনী। পাঁচ সংগীত তারকা ছাড়াও নাটকটিতে অভিনয় করবেন একঝাঁক নাট্যশিল্পী। এদের মধ্যে রয়েছেন অমল বোস, ইরেশ যাকের প্রমুখ। নির্মাণ সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, ঈদুল আজহায় যে কোন স্যাটেলাইট টিভি চ্যানেলে প্রচার হবে কনসার্ট নাটকটি।