ঈদ অডিও বাজার

ঈদ অডিও বাজারে বড় চমক নেই

ঈদ এলেই সরব হয়ে ওঠে অডিও ইন্ডাস্ট্রি। কোরবানী ঈদেও শ্রোতাদের হাতে নতুন গান তুলে দেয়ার জন্য ব্যস্ত থাকেন প্রযোজনা প্রতিষ্ঠান ও শিল্পীরা। তবে এবারের ঈদে সেই অর্থে দু-একটি ছাড়া তেমন বড় কোন আয়োজন নেই। রোজার ঈদে প্রকাশিত বেশ কিছু অডিও অ্যালবামের ভিসিডি বাজারে ছাড়া হবে। ঈদে প্রায় প্রতিটি হাউস থেকেই অ্যালবাম প্রকাশিত হয়েছে।

একাধিক প্রযোজনা প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য অনুযায়ী ঈদের অ্যালবামগুলোর মধ্যে উল্লেখ করার মত শিল্পীদের তালিকায় আছেন এন্ড্রু কিশোর, আসিফ, বেবী নাজনীন, মমতাজ, নকীব খান ও কুমার বিশ্বজিৎ। গত ঈদের বেশ কিছু হিট অ্যালবামের ভিসিডিতেই হয়তো সান্তনা খুঁজে নিতে হবে শ্রোতাদের।

সংগীতা থেকে প্রকাশিত হয়েছে বেশ কিছু অ্যালবাম। তার মধ্যে আছে জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজের একক অ্যালবাম ঝাক্কাস । অ্যালবামটির গান লিখেছেন অনুরুপ আইচ। কেবল একটি গান লিখেছেন মিজান মালিক। ঝাক্কাস অ্যালবামের সুর ও সংগীত করেছেন পঙ্কজ। এস পুলকের সুর ও সংগীতে ও দেলোয়ার আরজুদা শরফের কথায় এসেছে এন্ড্রু কিশোরের একক অ্যালবাম সুখ সইলো না।

ডলি সায়ন্তনী ও পলাশের ডুয়েট অ্যালবাম এ মন তোমাকে চায় প্রকাশিত হবে পল্লব সান্ন্যালের সুর ও সংগীতে। সোহেল নিজামীর সুর ও সংগীতে সাজুর একক অ্যালবাম বড় দুঃখ দিলে । সংগীতা থেকে মিক্সড অ্যালবাম প্রেমের বাঁধনে শিরোনামের গেয়েছেন এন্ড্রু কিশোর, মিতালী মুখার্জী, আসিফ, ডলি সায়ন্তনী, সোনিয়া, পলাশ ও নাসির।

এছাড়া ঠগবাজ শিরোনামের হারুন কিসিঞ্জারের একটি কমেডি অ্যালবামও এসেছে। সংগীতার ভিসিডির তালিকায় আছে বালাম ফিচারিং জুলি ও বেবী নাজনীনের দু চোখে ঘুম আসে না । লেজার ভিশনের ব্যানারে কাজ চলছে বেশ কিছু অ্যালবামের। যার অধিকাংশই ঈদ মৌসুমের আগে-পরে বাজারে আসবে বলে জানা গেছে। এর মধ্যে আছে রাজিব রহমানের কম্পোজিশনে ব্যান্ড মিক্সড আর আর অন দ্য বিট ।

এছাড়া আছে হাবিব, পঞ্চম ও হৃদয় খানের কম্পোজিশনে মনোয়ার হোসেনের একক অ্যালবাম। রিলিজ হয়েছে দীপ্ত ও দূরবীন ব্যান্ডের শহীদের সলো অ্যালবাম। জি-সিরিজ থেকে এসেছে কণার সেল্ফ টাইটেলড সলো অ্যালবাম কণা । শাহান কবন্ধের কথায় এই অ্যালবামের মিউজিক করেছেন ফুয়াদ। ক্লোজআপ ওয়ান শিল্পী অভির একক অ্যালবাম গানের মিছিলে ও বাপ্পা মজুমদারের সুরে জাহিদ মিঠুর একক।

ব্যান্ড অ্যালবামের তালিকায় আছে বেস্ট অব ওয়ারফেইজ, শিরোনামহীনের বন্ধ জানালা ও স্ট্রাগল-এর সময় । গানচিল থেকে ঈদের পরে আসতে পারে নকীব খানের একক, মান্নান মহম্মদের সুরে বিউটির একক বাজারে এসেছে। এসেছে সামিনা চৌধুরী, আহমেদ ইমতিয়াজ বুলবুল, আইয়ুব বাচ্চু, এস আই টুটুল ও রুনা লায়লার মিক্সড অ্যালবাম গুরুভাই ও রাফাতের একক মান বাড়িতে ।

সিএমভি থেকে এসেছে আসিফের একক এক ফোঁটা অশ্রু (যৌথভাবে সিএমভি-আর্ব থেকে), প্রিন্স মাহমুদের কথা ও সুরে কুমার বিশ্বজিৎ এর একক মেঘলীনা এবং আসিফ-মনির খানের ডুয়েট অনন্ত অপেক্ষা । ভিসিডি হয়ে এসেছে আসিফের এখনো জোছনা দেখি, আসিফ-মনির খানের ডুয়েট বিরহী হৃদয় ও বারো সংগীত তারকার হিট গানের ভিডিও অ্যালবাম কেউ সুখী নয় । রেজ রেকর্ডস থেকে এসেছে তারকাবহুল মিক্সড অ্যালবাম প্রাচীর ।

জি-সিরিজের সাত অ্যালবাম

জি সিরিজ ও অগ্নিবীণার ব্যানারে ৭টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। এগুলো হল-বাপ্পা মজুমদারের সূর্যস্নানে চল, কনার কনা, সায়েরা রেজার সুখের অমিল, অভির গানের মিছিলে জাহিদ পিন্টুর রেড সিগন্যাল, স্ট্রাগল ব্যান্ডের সময় ও হাসান শিহাবীর কাওয়ালীর অ্যালবাম কুরবানী কুরবানী । এ অ্যালবামের কুরবানী কুরবানী গানটির সঙ্গীতায়োজন করেছে ফুয়াদ আল মুক্তাদীর।

বাপ্পা মজুমদারের একক অ্যালবাম সূর্যস্নানে চল অ্যালবামের গানগুলি হল-সূর্যস্নানে চল, প্রশ্ন, কেউ বলে তুই, মেঘবালিকা, চন্দ্রবিন্দু, আমিই, কাঁদছে আকাশ, রোদের গল্প, শূন্যতা, বাঁচে ভালবাসা, জোছনাদুয়ারী । গানগুলো লিখেছেন রাসেল ওনীল, ইন্দ্রনীল চট্টোপাধ্যায়, আনোয়ার হোসেন, তানভীর সজিব, শাহান কবন্ধ, রানা, বিপ্লব শিকদার ও প্রয়াত সঞ্জীব চৌধুরী।

ফুয়াদ ফিচারিং কনার কনা অ্যালবামটি এসেছে অগ্নিবীণার ব্যানারে। শাহান কবন্ধ ও তুষারের কথায় অ্যালবামের গানগুলি সুর করেছেন বাপ্পা মজুমদার, ফুয়াদ নাসের বাবু, রাফা, মিফতাহ। নতুন গায়িকা সায়েরা রেজার প্রথম একক অ্যালবাম সুখের অমিল । বাপ্পা মজুমদার ফিচারিং এই অ্যালবামের গানগুলো ফোক ধর্মী। অগ্নিবীণার ব্যানারে আসা এই অ্যালবামে রয়েছে মোট ১০টি গান।

এর মধ্যে মৌলিক ৬টি গানের গীতিকার শাহান কবন্ধ ও সুর করেছেন বাপ্পা মজুমদার। প্রেম শিকারী অ্যালবামের দয়ালখ্যাত গায়ক অভির প্রথম একক অ্যালবাম গানের মিছিলে এসেছে। অগ্নিবীণার থেকে প্রকাশিত অভির এই অ্যালবামে একটি ইন্সট্রুমেন্টালসহ রয়েছে ১০টি ট্র্যাক।
এবারই প্রথম নিজের একক অ্যালবাম রেড সিগন্যাল নিয়ে আত্মপ্রকাশ করলেন জাহিদ পিন্টু।

একসময় গান লিখতেন সুর করতেন। নিজের লেখা ও সুরে অ্যালবামের ৯টি গানের সঙ্গীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। এবারের ঈদে অগ্নিবীনার ব্যানারে একমাত্র ব্যান্ড অ্যালবাম স্ট্রাগল-এর ডেব্যু অ্যালবাম সময় । ৫ সদস্যের নতুন ব্যান্ড স্ট্রাগল-এর সময় অ্যালবামে রয়েছে ১২টি গান।