বিয়ে করেছেন সময়ের অন্যতম কণ্ঠশিল্পী আনিলা। তার বরের নাম অনিকেত আহমেদ। গত সপ্তাহে তাদের বিয়ে হয়েছে। বিয়ের পর গত ৬ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় আনিলা-অনিকেতের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। আনিলার বর আমেরিকায় থাকেন। সেখানে তিনি একটি স্বনামধন্য সফটওয়্যার কোম্পানির পদস্থ কর্মকর্তা।

দুজনার পরিচয়ের গল্প শুনতে চাইলে আনিলা বলেন, অনিকেতের সাথে আমার পরিচয় হয়েছে প্রায় এক বছর আগে। তখন থেকেই বন্ধুত্বের শুরু। তবে বিয়ের বিষয়টি ঠিকঠাক হয়েছে পারিবারিকভাবেই। উভয় পরিবারের অভিভাবকরা পারস্পরিক আলোচনার মাধ্যমে বিয়ের দিন ঠিক করেছেন। আমরা নতুন জীবন শুরু করলাম। সবার কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করছি।
আমরা যাতে সুখে শান্তিতে জীবনযাপন করতে পারি। আনিলা মূলত আমেরিকায় থাকেন। বাংলাদেশে এসে তার সুকণ্ঠ দিয়ে জয় করে নিয়েছেন হাজার শ্রোতার হৃদয়। আনিলার গাওয়া কে বাঁশি বাজায় রে, গাইবো না আর কোনো গান, এক পায়ে নূপুর আমার প্রভৃতি গানগুলো বেশ শ্রোতা সমাদৃত হয়েছে।
বিয়ের পর শিগগিরই দেশ ছেড়ে যাচ্ছেন কি-না, এমন প্রশ্নের জবাবে আনিলা বলেন, আমার বর আমেরিকায় থাকেন, তাই স্বভাবতই আমাকে সেখানে যেতে হবে। তবে খুব শিগগিরই দেশ ছেড়ে যাচ্ছি না। বাংলাদেশে এখনও আমার অনেক কাজ বাকি আছে। তাই আরো বেশ কিছু দিন আমাকে এদেশের শ্রোতারা কাছে পাবেন।
