এনসিসি আর নতুন কোনো অভিযোগ নেবে না: মতিন
ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুরুতর অপরাধ দমন অভিযান সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি (এনসিসি) আর নতুন কোনো অভিযোগের তদন্ত করবে না বলে জানিয়েছেন কমিটির চেয়ারম্যান স্বরাষ্ট্র ও নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ মতিন।
মঙ্গলবার নৌ-পরিবহন মন্ত্রণালয়ে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) বোর্ড সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, "এনসিসি আর কোনো নতুন অভিযোগ নেবে না। এখন থেকে যে কোনো দুর্নীতির অভিযোগ আসলে তা দুর্নীতি দমন কমিশন (দুদক) দেখবে। এনসিসি এতদিন কমিশনকে সহায়তা করেছে।"
এম এ মতিন জানান, এনসিসি এ পর্যন্ত মোট ৪৮৮টি অভিযোগের ব্যাপারে অনুসন্ধান ও তদন্ত করে মামলা দায়েরের জন্য কমিশনের কাছে হস্তান্তর করেছে। এসব মামলার মধ্যে ৬৫টির নিষ্পত্তি হয়েছে। বাকিগুলোর মধ্যে বেশ কয়েকটি মামলা বিচারাধীন ও তদন্তাধীন রয়েছে।
বিএসসি'র বোর্ড সভা প্রসঙ্গে নৌ পরিবহন উপদেষ্টা বলেন, বর্ষা মৌসুমে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন বন্ধ ও দুর্ঘটনা রোধে সরকার তিনটি কমিটি করেছে। কমিটিগুলোকে তদারকি ব্যবস্থা জোরদার করতে বলা হয়েছে।
তবে এ কাজের জন্য যথেষ্ট জনবল নেই জানিয়ে তিনি বলেন, মাত্র চারজন পরিদর্শক বিষয়টি তদারকি করছেন। তাদের জন্য আধুনিক সুযোগ সুবিধাও দেয়া যাচ্ছে না।
এম এ মতিন জানান, জনবল সঙ্কটের কারণে সরকার সব লঞ্চের ফিটনেস সনদও দিতে পারছে না। তবে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও চাঁদপুর রুটে লঞ্চ চলাচলের েেত্র ফিটনেস সনদ অত্যাবশ্যক করা হয়েছে।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব শেখ এনায়েতুল্লাহ ও বিএসসি'র চেয়ারম্যান গোলাম রাব্বানীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/জেকে/এমএ/১৬২০ ঘ.
