আমার দেশ পত্রিকার নতুন চেয়ারম্যান মাহমুদুর রহমান

Mahmudur Rahmanসাবেক জ্বালানি উপদেষ্টা ও বিনিয়োগ বোর্ডের সাবেক নির্বাহী চেয়ারম্যান মাহমুদুর রহমান-এর নেতৃত্বে একদল উদ্যোক্তা দৈনিক আমার দেশ পত্রিকার দায়িত্বভার গ্রহণ করেছেন। গতকাল সোমবার থেকে নতুন মালিকানায় ও গতিশীল ব্যবস্থাপনায় দৈনিক আমার দেশ-এর কার্যক্রম শুরু হয়েছে। কারওয়ান বাজারে আমার দেশ কার্যালয়ে কোম্পানির নতুন শেয়ার হোল্ডারদের এক সভায় মাহমুদুর রহমানকে চেয়ারম্যান করে আমার দেশ পাবলিকেশন্স লিমিটেডের পরিচালনা পরিষদ নতুন করে গঠিত হয়েছে। অন্য নতুন পরিচালকবৃন্দ হলেন মোঃ তাসনীম আলম, মোঃ শাকিল ওয়াহেদ, গোলাম মোহাম্মদ আলমগীর ও কৃষিবিদ আনোয়ারুন নবী মজুমদার বাবলা। কোম্পানির বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক আলহাজ হাসমত আলী ও পরিচালক এনায়েতুর রহমান নতুন পরিচালকদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। তারা পত্রিকাটিকে টিকিয়ে রাখতে এগিয়ে আসার জন্য নতুন শেয়ার হোল্ডার ও পরিচালকদের ধন্যবাদ জানান। নতুন পরিচালকরা আমার দেশকে বাংলাদেশের সেরা পত্রিকা হিসেবে প্রতিষ্ঠিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আমার দেশ পত্রিকার সম্পাদক আতাউস সামাদ, বার্তা সম্পাদক চন্দন সরকার, প্রধান সহকারী সম্পাদক আতাহার খান, চিফ রিপোর্টার সৈয়দ আবদাল আহমদ, বিশেষ প্রতিনিধি জাহেদ চৌধুরী ও বিশেষ প্রতিনিধি এম আবদুল্লাহ, আহমদ হোসেন মানিকসহ পত্রিকার সাংবাদিক-কর্মচারীরা নতুন মালিকদের স্বাগত জানিয়ে পত্রিকা পরিচালনায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। সম্প্রতি আমার দেশ-এর মালিকানা হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়। বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে গতকাল এর পরিচালনা পরিষদ পুনর্গঠনের মাধ্যমে নতুন মালিকানায় ও ব্যবস্থাপনায় এই পত্রিকার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

Tags:

Active forum topics