নীতিমালা চূড়ান্ত না হওয়া পর্যন্ত সরকার নতুন করে কোনো বেসরকারি টিভি চ্যানেলের অনুমতি দেবে না। তথ্য মন্ত্রণালয় ইতোমধ্যে বেসরকারি মালিকানায় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল স্থাপন ও পরিচালনা নীতি-২০০৮ এর খসড়া তৈরি করেছে। আগামী রোববার বেসরকারি টিভি চ্যানেলের মালিকদের সঙ্গে সভা শেষে এটি চূড়ান্ত করা হবে। নীতিমালা চূড়ান্ত হলে বেসরকারি টিভি চ্যানেলের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক কিংবা অন্য কোনো নির্বাহীর বক্তব্য তাদের নিজস্ব চ্যানেলে সম্প্রচারে সরকারের অনুমতি নিতে হবে।
জানা গেছে, নীতিমালার অধীনে লাইসেন্স ব্যতিত কোনো ব্যক্তি টিভি চ্যানেল সম্প্রচারের জন্য কোনো সম্প্রচার মাধ্যম বাংলাদেশে প্রতিষ্ঠা কিংবা পরিচালনা করতে পারবে না। বেসরকারি মালিকানাধীন টিভি চ্যানেলের আবেদনকারী প্রতিষ্ঠানকেও বাংলাদেশি মালিকানাধীন হতে হবে। অপরদিকে বাংলাদেশি ও বিদেশি প্রতিষ্ঠানের উদ্যোগে আবেদনকারী প্রতিষ্ঠান গঠিত হলে বাধ্যতামূলকভাবে বিনিয়োগ বোর্ড থেকে নিবন্ধনকৃত ও অনুমতিপ্রাপ্ত হতে হবে। তাছাড়া আবেদনকারী প্রতিষ্ঠানের বিদেশি শেয়ার কোনক্রমেই ২০ ভাগ এর অধিক হতে পারবে না। একইসঙ্গে কোনো বেসরকারী চ্যানেলের মালিকানা সরকারের পূর্ব অনুমতি ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা যাবে না।
