সহকারী জজ পদে আরও ২০৭ জনকে নিয়োগ দেয়া হচ্ছে

স্বপন দাশগুপ্ত, যুগান্তর: আরও ২০৭ জন সহকারী জজ পদে নিয়োগ দেয়া হচ্ছে। সহকারী জজ পদের জন্য দরখাস্ত দেয়ার শেষ তারিখ ২০ অক্টোবর ২৪৪৫ জন প্রার্থী আবেদন করেছেন। আবেদনপত্রগুলো বর্তমানে বাছাই করা হচ্ছে। এ বাছাই প্রক্রিয়া শেষ হবে নভেম্বরের শেষ সপ্তাহে। এরপর প্রাথমিক বাছাইয়ের জন্য ডিসেম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের এ পরীক্ষায় শতকরা ৫৫ নম্বর পেতে হবে।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব মোঃ শফিকুল ইসলাম তালুকদার যুগান্তরকে জানিয়েছেন, এ বছর ২০৭টি সহকারী জজ পদের জন্য ২৪৪৫ জন প্রার্থী আবেদন করেছেন। আবেদনপত্রগুলো বাছাই করা হচ্ছে। বাছাইয়ের জন্য পরীক্ষা নিয়ন্ত্রককে আহ্বায়ক করে একটি বাছাই কমিটি গঠন করা হয়েছে। এ বাছাই কমিটি ৬ নভেম্বরের মধ্যে তাদের রিপোর্ট পেশ করবে। এরপর দ্বিতীয় দফা বাছাই করা হবে। এ বাছাই প্রক্রিয়া চলবে ৯ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত। এরপর তৃতীয় দফা বাছাই করা হবে। এ বাছাই চলবে ১৯ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত। এ তিনটি বাছাইয়ে যাদের আবেদন ত্র“টিমুক্ত বলে রিপোর্ট দেয়া হবে তাদের ১০০ নম্বরের প্রাথমিক বাছাই পরীক্ষা হবে। আগামী ডিসেম্বরে এ প্রাথমিক বাছাই পরীক্ষা শেষ হবে।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে গত বছর ৩৯৪টি পদের জন্য ২৩৩৯ জন দরখাস্ত করেছিলেন। বাছাই, প্রাথমিক বাছাই পরীক্ষা, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা শেষে এ বছরের প্রথম দিকে এ ৩৯৪টি পদে নিয়োগ দেয়ার জন্য প্রার্থী বাছাই শেষ হয়। মেডিকেল ও পুলিশ ভেরিফিকেশন শেষে তাদের নামে নিয়োগপত্র পাঠানো হয়। কিন্তু ৩৯৪ জনের মধ্যে একজন কাজে যোগদান করেননি। প্রশিক্ষণ শেষে নতুন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা তাদের কাজে যোগ দিয়েছেন।

এ বছর সহকারী জজ পদে নিয়োগের জন্য ১০০ নম্বরের প্রাথমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এই ১০০ নম্বরের মধ্যে উত্তীর্ণ প্রার্থীদের ৫৫ নম্বর পেতে হবে। প্রাথমিক পরীক্ষার পর ১১০০ নম্বরের লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় সাধারণ বিষয়গুলোতে ৪০০ নম্বর, আবশ্যিক আইন বিষয়গুলোতে ৪০০ নম্বর, ঐচ্ছিক আইন বিষয়ে ২০০ নম্বর এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় শতকরা ৫০ নম্বর পেতে হবে। লিখিত পরীক্ষার কোন বিষয়ে কোন প্রার্থী শতকরা ৩০ নম্বরের কম নম্বর পেলে ওই বিষয়ে পরীক্ষার্থী কোন নম্বর পাননি বলে গণ্য হবে। শুধু লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সুযোগ পাবেন।

জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব মোঃ শফিকুল ইসলাম তালুকদার যুগান্তরকে আরও বলেন, জানুয়ারি মাসের শেষদিকে সহকারী জজ পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা নেয়া হবে। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এপ্রিল মাসে। তিনি আরও বলেন, মে মাসে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। জুলাই মাসে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।