ভাড়া কমলো কিলোমিটারে সাত পয়সা প্রতি লিটারে কমলো অকটেন ১০ টাকা পেট্রোল ৯ টাকা, ডিজেল ও কেরোসিন ৭ টাকা
আন্তর্জাতিক বাজারে দর পতনের প্রেক্ষাপটে সরকার গতকাল জ্বালানি তেলের দাম হ্রাস করেছে। পুনর্নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি লিটার অকটেন ৯০ টাকা থেকে ১০ টাকা কমিয়ে ৮০ টাকা, পেট্রোল ৮৭ টাকা থেকে নয় টাকা কমিয়ে ৭৮ টাকা, ডিজেল ও কেরোসিন ৫৫ টাকা থেকে সাত টাকা কমিয়ে ৪৮ টাকা করা হয়েছে। এতে মূল্য হ্রাসের পরিমাণ দাঁড়িয়েছে লিটারপ্রতি অকটেনে ১১ দশমিক ১১ শতাংশ, পেট্রোলে ১০ দশমিক ৩৪ শতাংশ, ডিজেল ও কেরোসিনে ১২ দশমিক ৭৩ শতাংশ। হ্রাসকৃত নতুন মূল্য আজ থেকে (রবিবার রাত ১২টার পর থেকে) কার্যকর হবে। তেলের দাম কমায় বাস ভাড়া কমানো হয়েছে কিলোমিটারপ্রতি সাত পয়সা।
গতকাল বিকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিদুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম তামিম এ তথ্য জানান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জ্বালানি বিভাগের সচিব মোহাম্মদ মোহসীন ও প্রধান তথ্য কর্মকর্তা ইফতেখার হোসেন।
সংবাদ সম্মেলনে ড. তামিম বলেন, বিশ্ববাজারে বর্তমানে জ্বালানি তেলের মূল্য স্বল্প সময়ের ব্যবধানে বারবার ওঠা-নামা করছে। এর সঙ্গে ঘন ঘন দ্রুত সমন্বয় বর্তমান পদ্ধতিতে সম্ভব নয়। এ কারণে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য হ্রাস-বৃদ্ধির যে কোনো পর্যায়ে দেশে তেলের মূল্য পুনর্নির্ধারণে বিপিসির আমদানি মূল্যকে ভিত্তি হিসেবে ধরা হবে। প্রতি তিন মাস অন্তর জ্বালানি তেলের মূল্য পর্যালোচনা করা হবে। সরকার জ্বালানি তেলে যে ভর্তুকি প্রদান করবে তা শুধু ডিজেল ও কেরোসিনের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে চার মাস আগে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয় ৩৭ শতাংশ। বর্তমানে আন্তর্জাতিক বাজারে দাম অর্ধেকেরও নিচে নেমে গেছে অথচ দেশীয় বাজারে তেলের দাম কমানো হলো মাত্র ১২ শতাংশ। দাম কমানোর ক্ষেত্রে সরকারের এ অনুদারতা কেন? জানতে চাইলে অধ্যাপক তামিম বলেন, গত দেড় মাসে বিপিসির গড় ক্রয় মূল্যকে স্থিতি করে দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। এরপরও সরকারকে জ্বালানি তেলের জন্য বছরে ১৫০০ কোটি টাকা ভর্তুকি দিতে হবে।
জ্বালানি তেলের দাম কমায় সমানুুপাতিক হারে বাস ভাড়া হ্রাস পাবে কি নাÑ জানতে চাইলে সমানুপাতিক হারে বাস ভাড়া হ্রাস পাবে এমন আশাবাদ ব্যক্ত করে বিশেষ সহকারী বলেন, ইতিমধ্যে বাস মালিক সমিতির সঙ্গে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের একাধিক বৈঠক হয়েছে। বৈঠকে উভয়পক্ষ একটি যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছতে সক্ষম হয়েছে। ডিজেলচালিত বাসে প্রতি কিলোমিটারে সাত পয়সা ভাড়া কমানো হবে।
যোগাযোগ মন্ত্রণালয় জারিকৃত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় ডিজেলের মূল্য হ্রাস করার পরিপ্রেক্ষিতে সরকার ডিজেল চালিত আন্তঃজেলা ও দূরপাল্লায় চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে সাত পয়সা কমিয়ে পুনর্নির্ধারণ করেছে। আজ থেকে এ হ্রাসকৃত ভাড়া কার্যকর হবে।