প্রধান দু’দলে অনেক বড় নেতাই বিদ্রোহী প্রার্থী

যুগান্তর ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিন রোববার অনেক আসনেই প্রধান দু’দলের বিদ্রোহী প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। মেজর (অব.) হাফিজউদ্দিন ও আন্দালিব রহমান পার্থকে ঠেকাতে ভোলা-১, ২ ও ৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। হাতিয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি নেতা ফজলুল আজিম। বরিশালের ৬টি আসনে বিদ্রোহী প্রার্থী হয়েছেন বিএনপি ও আওয়ামী লীগের ৭ প্রভাবশালী নেতা। বরিশাল-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন না পেয়েও মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক এমপি জহিরউদ্দিন স্বপন। পিরোজপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি নেতা ডা. রুস্তম আলী ফরাজী। বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্না ও বগুড়া-৩ আসনে আনসার আলী মৃধা আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হওয়ার পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। সিলেটে মনোনয়নবঞ্চিত হয়ে উভয় জোটের ৯ বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নেত্রকোনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ বিএনপি ও আওয়ামী লীগের ৫ নেতা বিদ্রোহী প্রার্থী হিসেবে জমা দিয়েছেন মনোনয়নপত্র। বেগমগঞ্জে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ কিরণ। এদিকে রাজশাহী-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তন করায় ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। কিশোরগঞ্জে দলীয় মনোনয়ন না পেয়ে ছয় ‘হেভিওয়েট’ নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। অন্যদিকে কিশোরগঞ্জ-২ আসনে দলীয় মনোনয়ন বাতিল করায় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সোহরাব উদ্দিনের সমর্থকরা ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়ক দু’ঘণ্টা অবরোধ করে মিছিল-সমাবেশ করেন।

বরিশাল ব্যুরো : বরিশালের বিভিন্ন আসনে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি ও আওয়ামী লীগের ৭ জন প্রভাবশালী রাজনৈতিক নেতা। তাদের মধ্যে জোট সরকার আমলের ৪ জন মন্ত্রী-এমপি এবং হুইপ রয়েছেন। বরিশাল-১ আসনে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির সংস্কারপন্থী নেতা সাবেক এমপি জহিরউদ্দিন স্বপন। মনোনয়ন না পেয়ে বরিশাল-২ এবং পিরোজপুর-১ ও ২ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন চারদলীয় জোট শাসনামলের হুইপ সংস্কারপন্থী বিএনপি নেতা শহিদুল হক জামাল। বরিশাল-৩ আসনে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করা ২ বিএনপি নেতা হলেন সাবেক এমপি মোশাররফ হোসেন মঙ্গু এবং বিএনপির কেন্দ ীয় আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নুল আবেদীন। এ বছর এ আসনে দলের যুগ্ম মহাসচিব বেগম সেলিমা রহমানকে মনোনয়ন দিয়েছে বিএনপি। বরিশাল-৪ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী হয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক অর্থ প্রতিমন্ত্রী শাহ মোহাম্মদ আবুল হোসাইন এবং মনোনয়নবঞ্চিত বিএনপি নেতা ওয়াহিদ হারুন। বরিশাল সদর আসনে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন দাখিল করেছেন ২০০১ সালে মনোনয়ন পাওয়া প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মাহবুব উদ্দিন আহমেদ বীরবিক্রম।

বগুড়া ব্যুরো : বগুড়ায় আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত দু’জন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে রোববার মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে কেন্দ ীয় সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না ও বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে আনসার আলী মৃধা।

মাহমুদুর রহমান মান্না বলেন, নির্বাচন করব কি করব না সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেইনি। হাতে ১০ দিন সময় আছে, দেখি নেত্রী কি করেন।

সিলেট ব্যুরো/সুনামগঞ্জ : সিলেট বিভাগের বিভিন্ন আসনে মনোনয়নবঞ্চিত উভয় জোটের ৫ সাবেক এমপিসহ ৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। সুনামগঞ্জ জেলা বিএনপির অব্যাহতিপ্রাপ্ত সভাপতি ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক এমপি নজির হোসেন চারদলীয় জোটের মনোনয়ন না পেয়ে জেলার দুটি আসনে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। নজির যে দুটি আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন এর মধ্যে সুনামগঞ্জ-১ আসনে চার দলের প্রার্থী ডা. রফিক চৌধুরী ও সুনামগঞ্জ-৪ আসনে চার দলের প্রার্থী ফজলুল হক আসপিয়া। সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন সাবেক এমপি সৈয়দ রফিকুল হক সোহেল। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতন। সুনামগঞ্জ-৪ আসনে বিদ্রোহী প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট, সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন। এ আসনে দলীয় মনোনয়ন পান জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান। সুনামগঞ্জ-২ আসনে চার দলের বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইসলামী ঐক্যজোটের মাওলানা শুয়াইব আহমদ। এ আসনে চার দলের প্রার্থী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাছির উদ্দিন চৌধুরী। সিলেট-২ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন মুহিবুর রহমান। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী শফিকুর রহমান চৌধুরী। সিলেট-৩ আসনে চার দলের বিদ্রোহী প্রার্থী কেন্দ ীয় যুবদলের সহ-সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। এ আসনে জোট প্রার্থী শফি আহমদ চৌধুরী। মৌলভীবাজার-২ আসনে চার দলের বিদ্রোহী প্রার্থী সাবেক এমপি এমএম শাহীন। এ আসনে জোট প্রার্থী সদ্য বিএনপিতে যোগদানকারী অ্যাডভোকেট আবেদ রাজা চৌধুরী। সিলেট-৬ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক এমপি ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া। এ আসনে চার দলের প্রার্থী জামায়াত নেতা মাওলানা হাবিবুর রহমান।

নেত্রকোনা : মনোনয়নপত্র জমা দেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের আওয়ামী লীগ প্রার্থী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, জেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জাতীয় পার্টির ফকির আশরাফ, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান, গণফোরামের অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, জেপি (মঞ্জু) আইয়ুব আলী ফনু, পিডিপির নয়ন দত্ত ও কৃষক শ্রমিক জনতা লীগের মোঃ খোরশেদ আলী। নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বিএনপির ব্যারিস্টার কায়সার কামাল, আওয়ামী লীগের মোস্তাক আহমেদ রুহী, বিএনপি মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী সাবেক সাংসদ গোলাম রব্বানী, জাতীয় পার্টি (এ) সাখাওয়াত হোসেন, সিপিবির সিদ্দিকুর রহমান। নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বিএনপির কেন্দ ীয় নেতা রফিকুল ইসলাম হিলালী, আওয়ামী লীগের কেন্দ ীয় নেতা মঞ্জুর কাদের কোরাইশী, আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু, জাতীয় পার্টির জসিম উদ্দিন ভূঁইয়া, এলডিপির লুৎফে আহমেদ খান অসীম, কৃষক শ্রমিক জনতা লীগের রিগান আহমেদ, ইসলামী ঐক্যজোটের এহতেশাম সারোয়ার, বিএনপির মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী রায়হান আমীন রনি। নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে আওয়ামী লীগের কেন্দ ীয় নেতা শফি আহমেদ, বিএনপির লে. কর্নেল (অব.) সৈয়দ আতাউল হক, বিএনপির মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। নেত্রকোনা-৫ (পূর্বধলা-নেত্রকোনার একাংশ) আসনে বিএনপির সাবেক সাংসদ ডা. মোহাম্মদ আলী, আওয়ামী লীগের ওয়ারেসাত হোসেন বেলাল, আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক অতিরিক্ত ডিআইজি আবদুল হান্নান খান, স্বতন্ত্র জাকির হোসেন তালুকদার ও জাতীয় পার্টি (এ) ওয়াহিদুজ্জামান আজাদ মনোনয়নপত্র জমা দেন।

রাজশাহী ব্যুরো : রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তন করায় রাজশাহী-ঢাকা সহাসড়ক অবরোধসহ এলাকায় কুশপুত্তলিকা দাহ ও ব্যাপক বিক্ষোভের ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুঠিয়া-দুর্গাপুরের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কর্মীরা নতুন মনোনীত তাজুল ইসলাম মোহাম্মদ ফারুকের কুশপুত্তলিকা দাহ করে তার মনোনয়ন বাতিল করে আগের মনোনীত প্রার্থীকেই বহাল রাখার দাবি জানান। এর আগে এ আসনে মনোনয়ন দেয়া হয়েছিল মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা মরহুম কাজী আবদুল আওয়ালের ছেলে কাজী আবদুল ওয়াদুদ দারাকে।

কিশোরগঞ্জ ব্যুরো : রোববার কিশোরগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি ও জাতীয় পার্টির মনোনয়নবঞ্চিত ‘হেভিওয়েট’ ছয় প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হচ্ছেন : কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপি নেতা সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক, জাতীয় পার্টি নেতা সাবেক ভূমি উপমন্ত্রী মুজিবুল হক চুন্নু, আওয়ামী লীগ নেতা ড. মিজানুল হক, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসন থেকে বিএনপি নেতা মেজর (অব.) আক্তারুজ্জামান রঞ্জন ও কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম জানু এবং কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপিদলীয় মনোনয়নবঞ্চিত শেখ মুজিবুর রহমান ইকবাল। এদিকে পূর্বঘোষিত দলীয় মনোনয়ন বাতিল না করে বহাল রাখার দাবিতে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী অ্যাডভোকেট সোহরাব উদ্দিনের পক্ষে রোববার বিকালে ১০ সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়ক ২ ঘণ্টা অবরোধ করে মিছিল-সমাবেশ করেন। এছাড়া রোববার সন্ধ্যায় সরারচর স্টেশন এলাকায় বিএনপিদলীয় মনোনয়নবঞ্চিত নেতা শেখ মুজিবুর রহমান ইকবালের পক্ষে কয়েক হাজার মানুষ বিক্ষোভ সমাবেশ করেন।
ভোলা : ভোলার ৪টি আসনের মধ্যে রোববার ভোলা ১, ২ ও ৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভোলা-১ আসনে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী দলীয় মনোনয়ন না পেয়েও তার পক্ষে মনোননপত্র জমা দেয়া হয়েছে। এ আসনে চারদলীয় জোট থেকে দলীয় মনোনয়ন পাওয়ায় বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের পক্ষে তার মা রেবা রহমান মনোনয়নপত্র জমা দেন। একই সঙ্গে পার্থ ভোলা-২ আসনেও মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যদিকে তার ভাই বিজেপি নেতা আশিকুর রহমান শান্ত একই আসনে বিএনপি জোটের প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দেন।

অন্যদিকে ভোলা-২ আসনে সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের নামে মনোনয়নপত্র জমা দেয়া হয়। এছাড়া আলোচিত ভোলা-৩ আসনে বিএনপির সংস্কারবাদী নেতা মেজর (অব.) হাফিজউদ্দিন বিএনপিরদলীয় মনোনয়ন পেয়েছেন দাবি করে মনোনয়নপত্র প্রথমে তজুমদ্দিন উপজেলায় জমা দিলেও তার কাউন্টারে লালমোহন উপজেলায় মনোনয়নপত্র জমা দেন ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির দফতর সম্পাদক সিদ্দিকুর রহমান মান্না।

এদিকে ভোলা-২ আসনে বিজেপি প্রার্থী মনোনয়নপত্র জমা দিলে এর কাউন্টারে বিএনপির সাবেক এমপি কারাবন্দি হাফিজ ইব্রাহিমের পক্ষে জাকির হোসেন নামের এক বিএনপি নেতা দৌলতখানে মনোনয়নপত্র জমা দেন।

নোয়াখালী : হাতিয়া থানা বিএনপির সভাপতি ও সাবেক এমপি শিল্পপতি ফজলুল আজিম বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। রোববার সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়ে জয়লাভ করে এ আসনটি খালেদা জিয়াকে উপহার দেবেন।

বেগমগঞ্জ (নোয়াখালী) : রোববার দুপুরে আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ কিরণের পক্ষে তার ছোট ভাই সিরাজুল ইসলাম স্বপন অবশেষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন। পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মামুনুর রশিদ কিরন একলাশপুর হাফেজ মহিউদ্দিনের মাজার জিয়ারতের পর নির্বাচনী কর্মকাণ্ডের সূচনা করেন। এদিকে কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাবেক বাণিজ্য উপদেষ্টা বরকত উল্লা বুলু নোয়াখালী জেলা রিটার্নিং অফিসারের কাছে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। অপরদিকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর (অব.) রেজাউল হকও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কাউখালী (পিরোজপুর) : পিরোজপুর-২ (কাউখালী-ভাণ্ডারিয়া-স্বরূপকাঠি) আসনে আওয়ামী লীগের ২ জন, বিএনপির ৩ জন, জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় পার্টি (মঞ্জু) ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের একজন করে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথমে সাবেক অতিরিক্ত সচিব হাবিবুর রহমান শেখকে মনোনয়ন দিলে তিনি ২৩ নভেম্বর পিরোজপুরে মনোনয়নপত্র দাখিল করেন। এদিকে দলের হাইকমান্ড পরে হাবিবুর রহমানের বিকল্প প্রার্থী হিসেবে অধ্যক্ষ মোঃ শাহ আলমকে মনোনয়ন দিলে তিনি রোববার স্বরূপকাঠিতে মনোনয়নপত্র দাখিল করেন। এদিকে চারদলীয় জোট থেকে বিএনপির প্রবীণ নেতা নূরুল ইসলাম মঞ্জুরকে মনোনয়ন দিলে তিনি রোববার স্বরূপকাঠিতে মনোনয়নপত্র দাখিল করেন। এ আসনের বিএনপির অপর দুই মনোনয়ন প্রত্যাশী সাবেক হুইপ শহিদুল হক জামাল ও যুবদলের কেন্দ্রীয় নেতা লন্ডন প্রবাসী ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

মঠবাড়িয়া : পিরোজপুর-৩ মঠবাড়িয়া (ভাণ্ডারিয়ার আংশিক) আসনে চারদলীয় জোটের মনোনয়নবঞ্চিত সংস্কারপন্থী মঠবাড়িয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র দাখিল করেছেন।
কুলাউড়া : মৌলভীবাজার-২ (কুলাউড়া-কমলগঞ্জ আংশিক) আসনে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন জমাদানকারীরা হলেন স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি এমএম শাহীন। মুসলিম লীগ (ইউসুফ) আছকির মিয়া, জাতীয় পার্টির নবাব আলী আব্বাস খান ও চারদলীয় জোটের অ্যাডভোকেট আবেদ রাজা।