আমিনুর রহমান তাজ: কারাগারে এবার ঈদ উদযাপন করবেন ২৯ ভিআইপিসহ ৫৪ বিশেষ বন্দি। কারাগারের ভেতরে সাধারণ বন্দিদের সাথে ঈদের জামাতে নামাজ আদায় করবেন তারা। কারা সুত্রগুলো বলেছে, আটক থাকা অবস্থায় এটি হবে ভিআইপি ও বিশেষ বন্দিদের জন্য দ্বিতীয় ঈদ। গতকাল পর্যন্ত জামিন না পাওয়ায় এদের সকলকেই কারাগারের ভেতরে ঈদ উদযাপন করতে হবে।
এসকল ভিআইপি ও বিশেষ বন্দিদের মধ্যে ৭জন চিকিৎসাধীন রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, জাতীয় হৃদরোগ ও বারডেম হাসপাতালে। যারা হাসপাতালে আছেন তারা ঈদের নামাজ আদায় করতে পারবেন না। তবে কারাগারে থাকা ভিআইপি ও বিশেষ বন্দিরা জামাতে নামাজ আদায় করার সুযোগ পাবেন। কারা কর্তৃপক্ষ কারাগারের ভেতরেই বন্দিদের জন্য জামাতে নামাজ আদায়ের ব্যবস্থা করেছে। কারা প্রশাসনের কর্তাব্যক্তিরাও এই নামাজে শরিক হবেন এবং বন্দিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। জামিনে মুক্তি পাওয়ার কারণে আটক ভিআইপি ও বিশেষ বন্দিরা তাদের অনেক সহকর্মীকে এই ঈদে পাবেন না। ভিআইপি ও বিশেষ বন্দিদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন, মোসাদ্দেক আলী ফালু, আলী আজগর লবী, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, হাবিবুর রহমান মোল্লা, আতিকুল্লাহ খান মাসুদ, ব্যারিষ্টার নাজমুল হুদা, নাসিরউদ্দিন পিন্টু, পংকজ দেবনাথ, আমিন হুদা ও গিয়াসউদ্দিন আল মামুন প্রমুখ। মামলায় জামিন না হওয়ার কারণে এরা কেউ ঈদের আগে ছাড়া পাননি।
কারা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান জানান, ঈদের দিন ভিআইপিসহ সকল বন্দিদের উন্নতমানের খাবার সরবরাহ করা হবে। এছাড়া জেলের ভেতরেই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঈদের দিন নিকট আত্মীয় স্বজনরা ভিআইপি ও বিশেষ বন্দিদের সাক্ষাতের সুযোগ পাবেন। তাদের সরবরাহকৃত খাবার গ্রহন করা হবে। এছাড়াও হাসপাতালের প্রিজন সেল ও কেবিনে আত্মীয় স্বজনরা কড়া নিরাপত্তার মধ্যে তাদের প্রিয়জনদের সঙ্গে কথা বলতে পারবে। সম্পাদনা:রেজোয়ান বিশ্বাস
