এবং হুমায়ূন আহমেদ

এবারের ঈদে চার চ্যানেলে প্রচারিত হবে নন্দিত কথাসাহিত্যক হুমায়ূন আহমেদের চারটি নাটক। চ্যানেল আইতে ঈদের দিন রাত ৭ টা ৫০ মিনিটে প্রচারিত হবে হুমায়ূন আহমেদ রচিত নাটক ‘এনায়েত আলীর ছাগল’। নাটকটি পরিচালনা করেছেন জুয়েল রানা। অভিনয় করেছেন শাওন, ডা. এজাজ, ফারুক আহমেদ, রহমত আলী প্রমুখ। নাটকের গল্প অনেকটা এরকম, শুভপুর গ্রামের কুখ্যাত রাজনীতিবীদ এনায়েত আলী প্রচার করে যে, তার গৃহপালিত ছাগল মানুষের ভাষায় কথা বলে। এই খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ে, পত্রিকা-টিভি চ্যানেলেও খবরটি প্রকাশিত হয়। ছাগলকে ঘিরে শুরু হয় মানুষের উম্মাদনা। এদিকে টিভি চ্যানেলের সাংবাদিক তারিনের কাছে এনায়েত স্বীকার করে যে, ইলেকশনে পাস করার জন্য সে মিথ্যা কথা বলেছে। অন্যদিকে আমেরিকা-রাশিয়ার বিজ্ঞানীরা রওনা দেয় শুভপুর গ্রামের উদ্দেশ্যে। এই নাটকটির পাশাপাশি এনটিভিতে ঈদের দ্বিতীয় দিন রাত ৮ টা ১৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘নয়া রিকশা’। হুমায়ূন আহমেদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মেহের আফরোজ শাওন। নাটকটিতে অভিনয় করেছেন রিয়াজ, শাওন, আনিসুর রহমান মিলন, চ্যালেঞ্জার, জুয়েল রানা প্রমুখ। নাটকে দেখা যাবে, একজন দরিদ্র রিকশাওয়ালার ঘরে জন্ম নেয় ফুটফুটে একটি বাচ্চা। বাচ্চাটাকে দেখে প্রতিবেশীদের কেউ কেউ বলে এত সুন্দর বাচ্চাটা বড় হলে নায়ক হবে। একদিন সত্যিই বাচ্চাটাকে তার মা অভিনয়ের প্রয়োজনে এফডিসিতে নিয়ে আসে। সেখানে সদ্যজাত বাচ্চাকে দিয়ে জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজের ছোটবেলার চরিত্রে শুটিং করা হবে। শুটিংয়ের সময় অপ্রত্যাশিতভাবে একটি দূর্ঘটনা ঘটে যায়। সেই দূর্ঘটনার রহস্য উন্মোচিত হবে পর্দায়। এ দুটি নাটক ছাড়াও ঈদের দিন সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘তৃতীয় নয়ন’। হুমায়ূন আহমেদের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন সুমাইয়া শিমু, মাসুদ আকন্দ, অপরাজিতা, চ্যালেঞ্জার, শিরিন বকুল প্রমূখ। ঈদের দিন ইটিভিতেও হুমায়ূন আহমেদের একটি নাটক প্রচারিত হবে। এছাড়া হুমায়ূন আহমেদের উপন্যাস ‘চাঁদের আলোয় কয়েকজন যুবক’ অবলম্বনে একটি নাটক প্রচারিত হবে ঈদের ৪র্থ দিন সকাল ১০টা ৩০ মিনিটে চ্যানেল আইতে। নাট্যরূপ দিয়েছেন বদরুল আলম সৌদ ও পরিচালনা করেছেন আরিফ খান।