ত্যাগের মানসিকতা নিয়ে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর

ত্যাগের মানসিকতা নিয়ে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর
Thu, Feb 19th, 2009 9:10 pm BdST
ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ২৪ডটকম)-আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের স্বার্থে ত্যাগের মানসিকতা নিয়ে কাজ করতে সবার প্রতি আহবান জানিয়েছেন। শেখ হাসিনা তার দলের সর্বস্তরের নেতাকর্মী এবং সরকারের সঙ্গে সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, "ক্ষমতা কোন ভোগের বস্তু নয়, সবাইকে ত্যাগের মহিমায় কাজ করতে হবে। মানুষকে কতটুকু দিতে পারলাম সেটা চিন্তা করতে হবে। নির্বাচনে ম্যাণ্ডেট দিয়ে জনগণ বিশাল দায়িত্ব আমাদের কাঁধে তুলে দিয়েছে। তা বাস্তবায়ন করতে হবে।" একইসঙ্গে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করে ১২২টি অধ্যাদেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "ওই সরকারের কোন জবাবদিহিতা ছিলো না। জনগনের কাছে কোন দায়বদ্ধতা ছিলো না। তারা ইচ্ছামত কাজ করে গেছে। "তাদের সময় জারি করা অধ্যাদেশগুলো আমাদের কাছে বোঝা হয়ে আছে। তাদের চাপিয়ে যাওয়া দায়ভার এখন আমাদের বহন করতে হচ্ছে।" আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্য শেখ হাসিনা এসব কথা বলেন। ঢাকা মহানগর নাট্যমঞ্চে বিকালে আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে এ আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সভাপতিমন্ডলির সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল বোস, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, মাহমুদুর রহমান মান্না, আব্দুর রহমান, ঢাকা মহানগর আওয়ামী লীগের এম এ আজিজ ও কামরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা ভাষা আন্দোলনে শহীদসহ সংশ্লিষ্ট সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বিগত চার দলীয় জোট সরকারের সমালোচনা করে তিনি বলেন, "তারা নিজেদের ভোট বাড়ানোর কথা চিন্তা না করে আওয়ামী লীগের ভোট কমাতে গিয়ে জনগনকে বঞ্চিত করেছে। কিন্তু, দেশের জনগন ঠিকই তাদের ছলচাতুরি বুঝতে পেরে উপযুক্ত জবাব দিয়েছে। "তাদের চাঁদাবাজি, জঙ্গিবাদ, সন্ত্রাসী কর্মকান্ডের বিপক্ষে জনগন আওয়ামী লীগের পক্ষে রায় দিয়েছে। আমাদেরকে এটা চিন্তা করে সামনের দিকে চলতে হবে। আমাদের দায়িত্ব হবে মানুষের জীবনে শান্তি ফিরিয়ে আনা। জনগণের দেওয়া ম্যণ্ডেটকে দেশ, জাতির প্রতি দা^িয়ত্ব-কর্তব্য মনে করতে হবে।" দলের নেতা-কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, "সামনে অনেক চড়াই-উৎরাই, বাধা-বিপত্তি ও বন্ধুর পথ, তা পাড়ি দিতে হবে। জনগনের স্বার্থ রক্ষায় অতন্ত্র প্রহরীর মত কাজ করতে হবে।" শেখ হাসিনা অভিযোগ করেন, "বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এসেই কয়েক মাসের মধ্যে আওয়ামী লীগ সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ফিতা কেটে নিজেদের বলে চালিয়েছে। কিন্তু,এক-দেড়মাস হলো এখনো আমরা কোন ফিতা কাটার সুযোগ পেলাম না। তারা মানুষের জন্য কোন কাজ করেনি।"
বর্তমান সরকারের কর্মপরিকল্পনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সরকার গ্রামীণ অবকাঠামো শক্তিশালী ও চাঙ্গা করে তুলবে। একটি বাড়ি একটি খামার চালু করবে। বিধবা, বয়স্ক ও মুক্তিযোদ্ধা ভাতা দ্বিগুণ করার পাশাপাশি এর পরিধি আরো বাড়ানো হবে। সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করা হবে।
বিডিনিউজ২৪ডটকম /এসইউএম/এইচএ/২১২৪ঘ.