বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তনয় আরাফাত রহমান কোকো ও তার দুই শ্যালকের বিরুদ্ধে গুলশান থানায় দায়েরকৃত চাঁদাবাজি মামলা প্রত্যাহারের আবেদন জানিয়েছেন এ্যাড মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু আহমেদ জায়দান রাব্বি। গতকাল পুলিশের আইজি বরাবরে ফ্যাক্সযোগে পাঠানো এক দরখাস্তে তিনি এই আবেদন জানান। মামলার বাদি আবু আহমেদ জায়দান রাব্বি বলেন, গত বছর ১৬ মে তিনি আরাফাত রহমান কোকো, তার দুই শ্যালক মোস্তাকিম রেজা ও মোত্তাকিন রেজার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে যে মামলাটি দায়ের করেন তা ভূল বোঝাবুঝির কারণে দায়ের করেছিলেন। আবেদনে বাদি আরো জানান যে, এজাহারে বর্ণিত আসামী মোস্তাকিম রেজা ও মোত্তাকিন রেজা তাদের প্রতিষ্ঠানের পরিচালক। আরাফাত রহমান কোকো তাদের ভগ্নিপতি হওয়ায় বর্তমানে তিনি মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।
বাদি বলেন, বিবাদিদের বিরুদ্ধে তার আর কোনো অভিযোগ নেই এবং ভবিষ্যতেও তাদের বিরুদ্ধে তার কোনো অভিযোগ থাকবে না। তিনি আরো বলেন, বর্তমানে তিনি শিক্ষাগত কারণে বিদেশে অবস্থান করছেন। ফ্যাক্সযোগে পাঠানোর পাশাপাশি তিনি আবেদনের কপি ডাকযোগে পাঠানোর কথাও বলেন।
উল্লেখ্য, গত বছর ৫ মে বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো ও তার দুই শ্যালক মো¯-াকিন রেজা ও মোত্তাকিন রেজার বিরুদ্ধে গুলশান থানায় ১ কোটি ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলা দায়ের করেন এ্যাড মিডিয়ার মালিক আবু আহমেদ জায়েদান রাব্বি। মামলা নং-৬৩, ধারা ৩৮৫, ৩৮৬ ও ৩৮৭ দণ্ডবিধি। এজাহারে সেদিন বাদির বক্তব্য ছিলো, আসামিরা টেলিফোনে ও তার এ্যাড মিডিয়া লিমিটেডের অফিসে গিয়ে চাঁদার জন্য হুমকি দেয়। জীবন রক্ষার্থে তিনি আসামীদের চাঁদা দেন। ২০০২ সাল থেকে জোট সরকার ক্ষমতা ছাড়ার আগ পর্যন্ত আসামীরা বিভিন্ন সময়ে তার কাছ থেকে ১ কোটি ২০ লাখ টাকার চাঁদা গ্রহণ করে।
