ইত্তেফাক: ঘড়ির কাটায় রাত ১২টা বেজে ১ মিনিট। চারদিকে হৈ-হৈল্লোড়, উচ্ছ্বাস। মুঠোফোনে হ্যাপী নিউইয়ার বার্তার আদান-প্রদান। যেন উৎসবের আমেজ। এ সবই জানান দিচ্ছিল আজ শুভ নববর্ষ। পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বর্ষকে স্বাগত জানান। রাজধানীর ঢাকার তরুণ-তরুণীরা মজেছিল বর্ষবরণের উৎসবে। তবে নজিরবিহীন নিরাপত্তার কারণে বিভিন্ন এলাকা ছিল নিয়ন্ত্রিত। ঢাকা বিশ্ববিদ্যালয়, নীলক্ষেত, অভিজাত এলাকা গুলশান, বনানী ছিল তারুণ্যের উচ্ছ্বাসের কেন্দ্রবিন্দু।

এছাড়া নগরীর অভিজাত হোটেল ও ক্লাবগুলোতে ছিল নানান আয়োজন। গভীর রাত পর্যন্ত চলে তাদের বর্ষবরণের উৎসব। তবে কিছু কিছু এলাকা ছিল নিরব। সোনারগাঁও, শেরাটন, র্যাডিসনের মত পাঁচ তারকা হোটেলগুলোতে ছিল রাতভর কনসার্ট।
আমাদের বিশ্ববিদ্যালয় রিপোর্টার জানান, টিএসসির রাজু ভাস্করের সম্মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্ররা সমবেত হয়। রাত ১২টা ১ মিনিটে শিক্ষার্থীরা জড়ো হয়ে আনন্দউল্লাসে মেতে উঠে। তারা একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেন। থার্টিফাস্ট নাইট উপলক্ষে ক্যাম্পাসের প্রবেশ পথগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। শুধু পরিচয়পত্রধারী শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেয়া হয়। বহিরাগতদের প্রবেশ করতে দেয়নি আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়া ছাত্রীরা তাদের হলের ভিতর বর্ষবরণ উদপাপন করেন। তবে ক্যাম্পাসে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
শেরাটনের উইন্টার গার্ডেন ও বলরুমে উদযাপন করা হয় থার্টিফাস্ট রক ধামাকা নাইট। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল ফ্যাশন শো, ডিজে পার্টি ও কনসার্ট।
এছাড়া তরুণ-তরুণীরা বাঁধভাঙ্গা আনন্দ ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে হোটেল র্যাডিসনে ঠিক জিরো আওয়ারে থার্টিফাস্ট নাইট উদযাপন শুরু করে। হোটেলের গ্রান্ড বলরুমে আয়োজন করা হয়েছিল ডিকেডস অব মুভস অ্যান্ড মিউজিক। এখানে সংগীত পরিবেশন করেন মাইলস, কানিজ সুবর্ণা ও রেশাদ অ্যান্ড ফ্রেন্ডস। অতিথিদের জন্য বাড়তি আয়োজন ছিল ফিলিপিনের ব্যান্ড ইউরেকা পরিবেশনা ও ডিজে শো। এছাড়া সোনারগাঁও হোটেলে আয়োজন করা হয় ৩টি অনুষ্ঠানের। ফিডব্যাক ও সোলস এর শিল্পীরা অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন। এদিকে থার্টিফাস্ট নাইটের উচ্ছৃংখলতা ঠেকাতে আইন-শৃংখলারক্ষাকারী বাহিনীর সদস্যদের ছিল কড়া নজরদারি। নগরীর গুরুত্বপূর্ণ স্থানে তথ্য ও সাক্ষ্য প্রমাণাদি সংগ্রহ করার লক্ষ্যে ভিডিও ক্যামেরাসহ অফিসার ও পুলিশ সদস্যরা ডিউটি দেয়।
থার্টিফাস্ট নাইট উদযাপনকে কেন্দ্র করে নগরবাসীর নিরাপত্তার জন্য ঢাকা মহানগরকে ৮টি সেক্টরে বিভক্ত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গতকাল রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত এইসব এলাকায় তিন হাজারের অধিক পুলিশ নিয়োগ করা হয়। এছাড়া গোয়েন্দা বিভাগের সদস্যগণ সাদা পোশাকে টহল দেয়।
৪০ ক্যান বিয়ারসহ দুই জন আটক
থার্টিফাস্ট নাইটে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ হতে ৪০ ক্যান বিয়ার, ১ বোতল বিদেশী মদসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাব-১। গ্রেফতারকৃতরা হচ্ছে আরশাদ ও আলী আহমদ। র্যাব জানায়, আরশাদ নথ সাউথ ইউনিভার্সিটির ছাত্র।
