ফোকাস বাংলা নিউজ এজেন্সি ৫ম বর্ষে পদার্পণ করেছে। দেশের প্রথম ডিজিটাল নিউজ ও ফটো এজেন্সী ফোকাস বাংলার জন্মদিন উপলক্ষ্যে ২১ বঙ্গবন্ধু এভিনিউয়ের কার্যালয় রঙ-বেরঙের বেলুন ও ফুল দিয়ে সাজানো হয়। এ উপলক্ষে মঙ্গলবার সকালে ফোকাস বাংলার কার্যালয়ে এক অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় নৌপরিবহন মন্ত্রী ডাঃ আফসারুল আমীন মোবাইল ফোনে ২০০৮ নম্বরে ডায়াল করে ফোকাস বাংলা নিউজ এজেন্সির ভয়েস নিউজ সার্ভিসের উদ্বোধন করেন।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান, ঢাকা ওয়ার্ল্ড ইউনির্ভাসিটির ভিসি আব্দুল মান্নান চৌধুরী, সাংবাদিক নাদিম কাদির, ফোকাস বাংলার চেয়ারম্যান কামাল হোসেন, ম্যানেজিং এডিটর ইয়াসিন কবির জয়, পরিচালক মীর মনিরুজ্জামান, নিউজ এডিটর খায়রুজ্জামান কামাল, যুগ্ম-বার্তা সম্পাদক নাসির আহমেদ কাবুল ও আমিনুল কবির সুমন, সাংবাদিক ও ফটো সাংবাদিকরাসহ বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, অর্থনীতিবিদ এবং মিডিয়া ব্যক্তিত্বরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ ছাড়া চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও প্রধান বার্তা সম্পাদক প্রনব সাহা ফোকাস বাংলা অফিস পরিদর্শন করেন। তারা পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে ফোকাস বাংলার ব্যবস্থাপনা সম্পাদক ইয়াসিন কবির জয়ের হাতে পুষ্পার্ঘ দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
ফোকাস বাংলার জন্মদিনে প্রধান অতিথি অভ্যন্তরিণ নৌ-পরিবহন মন্ত্রী ডা. আফসারুল আমিন তার বক্তৃতায় ফোকাস বাংলার শুভ কামনা ব্যক্ত করে বলেন, আশা করবো ফোকাসের সঙ্গে সংশ্লিষ্ট তরুণ সাংবাদিক ও কলাকুশলীদের নতুন নতুন ধ্যান-ধারণা ও চিন্তা চেতনা এবং তাদের শক্তিশালী লেখনি দিয়ে দেশকে সমৃদ্ধ করতে সক্ষম হবেন। দেশের উন্নয়নের জন্য ডিজিটাল বাংলাদেশ গড়ার সংগ্রামে তারা দায়িত্বশীল ভূমিকা পালন করতে অগ্রণী ভুমিকা পালন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, আমরা যারা রাজনীতির সঙ্গে জড়িত, তাদের নানা ভুল-ভ্রান্তি তুলে ধরে আমাদের সহযোগী ভুমিকা পালন করবে।

বিশেষ অতিথি সিলেটের মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান বলেন, ফোকাসের ৫ম বর্ষে শুভ পদার্পণে শরিক হতেই সিলেট থেকে ছুটে এসেছি। তিনি বলেন, ছবি দিয়ে যাত্রা শুরু করলেও আজ ফোকাস বাংলা সংবাদ জগতেও একটি উল্লেখযোগ্য স্থান করে নিয়েছে। বস্তুনিষ্ট সংবাদ ও দূর্লভ ছবি দিয়ে আগামীতে ফোকাস দেশের মিডিয়া জগতে একটি প্রতিষ্ঠিত ও সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড়াবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি ও বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল মান্নান চৌধুরী বলেন, ‘ফোকাস অতিতের মত আগামী দিলগুলোতে মুক্তিযুদ্ধ ও তার চেতনার ওপর অটল থাকবে বলে আমি বিশ্বাস করি। ফোকাসের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘ দিনের। আমি জানি তারা মিডিয়াতে কঠোর পরিশ্রমের মাধ্যমে একটি উল্লেখযোগ্য স্থান দখল করেছে। আমি মুক্তিযুদ্ধের পক্ষশক্তিদের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করতে বর্তমান সরকারে প্রতি আহ্বান জানাই।’
এর আগে সকাল ১১টায় আমন্ত্রিত অতিথিরা ফোকাসের ছবি ও সংবাদের প্রদর্শনী আগ্রহ নিয়ে ঘুরে ঘুরে দেখেন। এরপর বিশাল আকারের কেক কাটা হয়।
এখন থেকে বাংলালিংক, টেলিটক, ওয়ারিদ, গ্রামীণ, সিটিসেল, একটেল, র্যাংকস টেলে ২০০৮ এ ডায়াল করে প্রতিঘন্টার সর্বশেষ সংবাদ শোনা যাবে।
ফোকাস বাংলা ভয়েস নিউজ সার্ভিসের কারিগরি সহযোগিতা দিয়েছে এসএসডি-টেক।
ফোকাস বাংলার চেয়ারম্যান মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা সম্পাদক ইয়াসিন কবির জয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফোকাস বাংলার নিউজ এডিটর খায়রুজ্জামান কামাল।
