টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় প্রাচীন আমলের স্থাপনার সন্ধান পাওয়া গেছে। এগুলো পাল আমলের হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বেইলা গ্রামে মাটি খুঁড়তে গিয়ে একটি দেয়ালের সন্ধান পাওয়া যায়। ঘাটাইল বাস স্ট্যান্ড থেকে ২৭ কিলোমিটার দূরে সাগরদীঘি। সেখান থেকে গারো বাজার সড়কে দেড় কিলোমিটার গেলে সড়কের পাশেই সেই ঢিবি, যেখানে পাওয়া গেছে প্রাচীন দেয়াল।
এ ঢিবির মাটি কাটতে গিয়ে গাজী মিয়া সন্ধান পান এ দেয়ালের। গাজী মিয়ার (৩৫) অভাবের সংসার। মাটি বিক্রির টাকায় তার ছয় সদস্যের সংসার চলে। প্রায় ১২ বছর ধরে মাটি কাটা এবং বিক্রির পেশায় তিনি জড়িত। ঈদের আগে কয়েক দফা বৃষ্টি হওয়ায় নিচু জমিতে পানি জমে যায়। ফলে সেখান থেকে মাটি কাটা সম্ভব হয় না। তখন বাড়ির সামান্য দূরে রাস্তার পাশে পুরনো একটি টিবির কথা মনে পড়ে। ছুটে যান ঢিবির মালিক হাজী মো. শামসুল হক মিয়ার কাছে। তার কাছে ঢিবির মাটি বিক্রির অনুমতি পান। গাজী মিয়া কয়েকজন সঙ্গী নিয়ে মাটি কাটা শুরু করেন। ১০ দিন কাটার পর ২৪ সেপ্টেম্বর গাজী মিয়া কিছু পুরনো ও ভিন্ন ধরনের ইট দেখতে পান। দুই পাশ থেকে মাটি সরানোর পর বেরিয়ে আসে একটি ইটের দেয়ালের অংশবিশেষ। দেয়ালটি দেখার পর গাজী মিয়া মাটি সরিয়ে দেয়ালের আরো কিছু অংশ বের করেন। মুহূর্তের মধ্যে খবরটি চারদিকে ছড়িয়ে পড়ে। মানুষের মুখে মুখে রটে যায়- মাটির নিচে দালানসহ গুপ্তধন পাওয়া গেছে। বিভিন্ন এলাকা থেকে কৌতূহলী অসংখ্য নারী-পুরুষ দেয়ালটি দেখতে ভিড় করছেন। গাজী মিয়া এখন দেয়ালের চারপাশে মাটি সরানোর কাজ বন্ধ রেখেছেন।
