গতকাল ঢাকার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে সহিংস ছাত্র সংঘর্ষ ঘটেছে। এ সংঘর্ষে ছাত্র ও পুলিশসহ অন্তত ৮০ জন আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও বেশকিছু গাড়ি। ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রলীগ, পলিটেকনিক ইন্সটিটিউটে সিট দখল নিয়ে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ হয়েছে। অপরদিকে ঢাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সিটি কলেজ ও ঢাকা কলেজ ছাত্রদের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ছাত্র ছাড়াও সিটি কলেজের এক শিক্ষক এবং দুই পুলিশ রয়েছেন। সংঘর্ষ চলাকালে সিটি কলেজ ক্যাম্পাসে শিক্ষকদের ৩টি প্রাইভেটকার এবং মিরপুর সড়কে ৮-৯টি যানবাহন ভাংচুরের ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে পুলিশ ঢাকা কলেজ ক্যাম্পাসে ৭-৮ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এছাড়া ছাত্ররা পুলিশকে ইটপাটকেল নিক্ষেপ করায় পুলিশ ছাত্রদের ওপর লাঠিচার্জ করেছে। সংঘর্ষ চলাকালে সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ব্যস্ততম মিরপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
