৮ বছর পর শাহনাজ রহমতউল্লাহর একক

দীর্ঘ আট বছর পর নতুন একক অ্যালবাম করছেন সঙ্গীতশিল্পী শাহনাজ রহমতউল্লাহ। অ্যালবামটির নাম এখনও চূড়ান্ত হয়নি। গানগুলোর সুর ও সঙ্গীত করছেন ডা. ইকবাল। অ্যালবামে গান থাকবে মোট আটটি। এর মধ্যে ৭টি সম্পূর্ণ নতুন গান। বাকি গান রিমেক করা হবে। প্রয়াত রাজা হাসান খানের সুরে নিজের জনপ্রিয় গান ‘খোলা জানালা’ নতুন সঙ্গীতায়োজনে গাইবেন শাহনাজ রহমতউল্লাহ। অ্যালবাম প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকদিন পর শ্রোতাদের সামনে আসছি আমি। তরুণ সঙ্গীত পরিচালক ইকবাল অ্যালবামটি করছে। ওর সুরে আমি আগেও মিক্সড অ্যালবামে গান করেছি। আশা করি, অ্যালবামটি ভালো হবে। মানুষের হƒদয় ছোঁয়ার মতো গান হবে।’ ডা. ইকবাল বলেন, ‘শাহনাজ আপাকে নিয়ে অ্যালবাম করছি। এটা আমার সঙ্গীত জীবনের অনেক বড় পাওয়া। অ্যালবামের গানগুলো মন-প্রাণ দিয়ে করার চেষ্টা করছি।’ শাহনাজ রহমতউল্লাহর শেষ অ্যালবাম ছিল ‘বারোটি বছর পরে’। আট বছর আগে অ্যালবামটির সুর ও সঙ্গীত করেছিলেন আলাউদ্দিন আলী, প্রয়াত প্রণব ঘোষ ও আলী আকবর রূপু।