এয়ারপোর্টের সামনের গোলচত্বরকে ‘লালন চত্বর’ হিসেবে ঘোষণা করেছে সচেতন শিল্পী সমাজ। গতকাল এক সংবাদ সম্মেলনে শিল্পীদের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়। এই ঘোষণা বাস্তবায়নের জন্য ঢাকার মেয়রকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেয়ারও সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সরকারের শিল্পকলাবিরোধী ভূমিকার প্রতিবাদে শিল্পীরা গতকাল প্রধান উপদেষ্টার এশীয় দ্বিবার্ষিক চারুকলা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানও বর্জন করেছেন।
সংবাদ সম্মেলেনে সচেতন শিল্পী সমাজের পক্ষ থেকে বলা হয়. আমরা ধর্মীয় লেবাসধারী, শিল্পী মৃনাল হক বা নতজানু সরকারি নীতির পক্ষে নই। আমরা মুক্ত ও সুস্থধারার শিল্পচর্চার পক্ষে। নগরসজ্জার নামে সারদেশে যে যথেচ্ছ ভাস্কর্য ও স্থাপনা নির্মাণের প্রক্রিয়া চলছে তার অবসান হওয়া দরকার। এর বদলে এসব নির্মাণের জন্য একটি সুচিন্তিত ও সমন্বিত নীতিমালা প্রনয়ণ ও তা বাস্তবায়ন করা দরকার।
সংবাদ সম্মেলেনে দেশের সুস্থধারার শিল্প সংস্কৃতির পক্ষে সক্রিয় ও সচেতন কর্মীদের নিয়ে একটি জাতীয় কনভেনশন আয়োজনের ঘোষণা দেয়া হয়।
সংবাদ সম্মেলেন বক্তব্য রাখেন ভাষা সৈনিক ও শিল্পী এমদাদ হোসেন, ঢাবি’র চারুকলা অনুষদের ডিন শিল্পী রফিকুন নবী, শিল্পী নিসার হুসেন, লালারুখ সেলিম প্রমুখ। সংবাদ সম্মেলন শেষে চারুকলার সামনে মানববন্ধন করা হয়।
