তিনটি প্রতিষ্ঠান তারহীন দ্রুতগতির ইন্টারনেট সেবার লাইসেন্স পেল

বেসরকারি খাতে তারহীন দ্রুতগতির ইন্টারনেটসেবা ওয়াইম্যাক্সের লাইসেন্স পেয়েছে বাংলা লায়ন কমিউনিকেশন্স, ব্র্যাক বিডিমেইল নেটওয়ার্ক লিমিটেড ও আগুরি ওয়্যারলেস ব্রডব্যান্ড বাংলাদেশ লিমিটেড। নিলাম অনুষ্ঠানে ওয়াইম্যাক্সের সর্বোচ্চ দাম ওঠে ২১৫ কোটি টাকা। ফলে এই তিনটি প্রতিষ্ঠানকেই ওই টাকায় তারহীন ব্রডব্যান্ডসেবা দেওয়ার লাইসেন্স নিতে হবে।

 

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন−বিটিআরসি গতকাল বুুধবার রাজধানীর একটি পাঁচ তারা হোটেলে প্রকাশ্য নিলামের মাধ্যমে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নেয়। দিনের শুরুতে সাড়ে ২৭ কোটি টাকা ডেকে নিলামের শুরু করে বাংলা লায়ন কমিউনিকেশন্স। বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া এ নিলাম সময় গড়িয়ে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতার ব্যাপ্তি বাড়তে থাকে, যা শেষ পর্যন্ত চার ঘণ্টা চলে।
 

নিলাম চলার সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম এ মালেক নিলামস্থল ঘুরে যান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘নিলাম প্রক্রিয়ায় স্বচ্ছতা আছে কি না তা দেখার জন্য এসেছি। আমার মনে হয়, স্বচ্ছতার মাধ্যমেই নিলাম অনুষ্ঠিত হচ্ছে। এ প্রক্রিয়া আমাদের দেশে নতুন।’
 

ইন্টারনেটে ফি কমানো এবং এর বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, এটা বিটিআরসির দায়িত্ব। এ বিষয়ে বিটিআরসির পুরোপুরি নিয়ন্ত্রণ ছিল না। অচিরেই পুরো নিয়ন্ত্রণ চলে আসবে।
 

নিলাম শুরুর আগে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মনজুরুল আলম নিলামের বিভিন্ন নিয়ম অংশগ্রহণকারীদের ব্যাখ্যা করেন। লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠানগুলোকে ২ দশমিক ৩ ও ২ দশমিক ৫ গিগাহার্টজ স্পেকট্রামে ওয়াইম্যাক্স পরিচালনার অনুমতি দেবে বিটিআরসি।
 

বিটিআরসি গত ৩০ আগস্ট লাইসেন্স দেওয়ার জন্য আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আবেদন আহ্বান করে। ১২টি প্রতিষ্ঠান আবেদনপত্র কিনলেও নয়টি প্রতিষ্ঠান নিলামে অংশ নেয়। বিজয়ী প্রতিষ্ঠানগুলো ছাড়া আরও যারা নিলামে অংশ নেয় সেগুলো হলো বাংলাদেশ ইন্টারন্টে এক্সচেঞ্জ লিমিটেড, ক্লিয়ারস্ট্রিম-র‌্যাংকস (বিডি) লিমিটেড, ম্যাংগো টেলিসার্ভিসেস লিমিটেড, পি-১ কনসোর্টিয়াম, টেলিস্টার কমিউনিকেশন্স লিমিটেড ও ভিটেল বাংলা।

লাইসেন্সের শর্ত অনুসারে লাইসেন্স পাওয়ার প্রথম বছরে প্রতিটি কোম্পানিকে সংশ্লিষ্ট এলাকায় কমপক্ষে ৯০টি বেস স্টেশন বসাতে হবে। প্রাথমিক জরিপ অনুসারে তিন বছরের মধ্যে সারা দেশকে ওয়াইম্যাক্সের আওতায় আনতে হবে। কোম্পানিতে ৬০ শতাংশের বেশি বিদেশি বিনিয়োগ থাকতে পারবে না। অনাবাসী বাংলাদেশিরা ৭০ শতাংশ মালিকানায় বিনিয়োগ করতে পারবে। ওয়াইম্যাক্সসুবিধা চালু হলে সারা দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এক কোটি ছাড়িয়ে যাবে বলে বিটিআরসি আশা করছে।
 

Your rating: None Average: 3 (1 vote)